ক্রমশ চাপ বাড়ছে সানরাইজ়ার্সের উপর। ‘দ্য হান্ড্রেড’ লিগে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে কিনেছে সানরাইজ়ার্স। ভারতীয় মালিকের দলের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতে। কাব্য মারানের দলকে আইপিএলে বয়কটেরও দাবি উঠেছে। এ বার সানরাইজ়ার্সকে নিশানা করলেন সুনীর গাওস্কর। তাঁর মতে, ভারতীয় মালিকের টাকা দিয়ে যে বন্দুক কেনা হবে তাতে ভারতীয় সেনা, সাধারণ মানুষেরই মৃত্যু হবে। সেটা কি সানরাইজ়ার্সের মালিকেরা ভেবেছেন?
নিজের কলমে গাওস্কর লিখেছেন, “দ্য হান্ড্রেড লিগে ভারতীয় মালিকের পাকিস্তানের ক্রিকেটার কেনার সিদ্ধান্ত অবাক করছে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতীয় দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের দিকে তাকায়নি। সকলে বুঝেছে, পাকিস্তানের ক্রিকেটারদের যে টাকা দেওয়া হবে, সেখান থেকে নিজেদের দেশে কর দেবে তারা। সেই করের টাকায় বন্দুক কেনা হবে। তাতে ভারতীয় সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হবে। অর্থাৎ, পাকিস্তানের ক্রিকেটারদের কিনলে পরোক্ষে নিজের দেশেরই ক্ষতি। সেটাই করেছে সানরাইজ়ার্স।”
গাওস্করের মতে, সানরাইজ়ার্সের কোচ ড্যানিয়েল ভেট্টরি বিষয়টির গুরুত্ব বুঝতে না পারলেও কাব্য মারানের তা বোঝা উচিত ছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “হতে পারে দলটা বিদেশের লিগের, কিন্তু মালিক তো ভারতীয়। পাকিস্তানের ক্রিকেটারকে টাকা দিলে ভারতীয়দের মৃত্যুতে পরোক্ষে দায়ী হবে তারা। কোচ ভেট্টরি নিউ জ়িল্যান্ডের। ওর বোঝা মুশকিল। কিন্তু মালিকের তো বোঝা উচিত ছিল। মালিকের উচিত ছিল ভেট্টরিকে বোঝানো যে, পাকিস্তানের ক্রিকেটারকে নেব না। দেশের সেনা ও সাধারণ মানুষের জীবনের থেকেও কি ট্রফি জেতা জরুরি?”
‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় আইপিএলের মালিকদের চারটি দল রয়েছে। এমআই লন্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস), সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দরাবাদ) ও সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। নিলামের আগে শোনা গিয়েছিল, এই চার দলের কেউ পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কিনবে না। কিন্তু নিলামে আবরারকে ২ কোটি ৩৪ লক্ষ টাকায় কেনে সানরাইজ়ার্স। তার পরেই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশের অভিযোগ, জাতীয় আবেগের বিরুদ্ধে গিয়ে আবরারকে কিনেছেন সানরাইজার্স কর্তৃপক্ষ। সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে কাব্যকেও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হওয়ার পর সানরাইজার্স লিডসের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। তার পরও আবরারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টরি। বিদেশের প্রতিযোগিতায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। তবু আবরারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আবরারকে ‘দ্য হান্ড্রেড’-এ খেলার অনুমতি না-ও দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সময় ওয়েস্ট ইন্ডিজ় সফর রয়েছে পাকিস্তানের। ১৫ জুলাই থেকে ৭ অগস্টের এই সফরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় খেলবে পাকিস্তান। ‘দ্য হান্ড্রেড’ শুরু হবে ২১ জুলাই। শেষ হবে ১৬ অগস্ট। আবরারের মতো স্পিনারকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল তৈরি করতে রাজি নন পাকিস্তানের নির্বাচকেরা। এই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন গাওস্কর। সরাসরি মালিককে নিশানা করলেন তিনি।