টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে না তারা। পাকিস্তানের বয়কট-বিতর্কের মাঝেই গৌতম গম্ভীরের একটি পুরনো মন্তব্য ভাইরাল হয়েছে। পুলওয়ামায় হামলার পর পাকিস্তানের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছিলেন গম্ভীর। সেই মন্তব্যকে হাতিয়ার করেছেন অনেক পাকিস্তান সমর্থক।
২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি ভারতের সেনাবাহিনীর একটি কনভয় জম্মু ও কাশ্মীরের হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয়ে ঢুকে পড়ে এবং সেনাবাহিনীর একটি বাসকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। মারা যান ৪০ জন সেনা। মৃত্যু হয় আত্মঘাতী জঙ্গিরও। ওই জঙ্গির সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের প্রমাণ পরে পাওয়া গিয়েছিল।
সেই ঘটনার এক মাস পরে এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছিলেন, “শর্তসাপেক্ষে নির্বাসন কখনওই মানা যায় না। হয় পাকিস্তানকে সব দিক থেকে নির্বাসিত করুন, না হলে সব জায়গায় খেলুন। পুলওয়ামায় যা হয়েছে তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানকে বয়কট করা কঠিন হতে পারে ভারতের জন্য। কিন্তু এশিয়া কাপে বয়কট করাই যায়।”
তিনি আরও বলেছিলেন, “জানি অনেক ঝামেলা হতে পারে। আমরা হয়তো সেমিফাইনালে গেলামই না। পাকিস্তানকে বয়কট করলে কোনও সংবাদমাধ্যমই ভারতীয় দলকে দোষী বানাতে পারবে না। দু’পয়েন্ট অতটাও দরকারি নয়। দেশ সকলের আগে। ক্রিকেট ম্যাচের থেকে ওই ৪০ জন জওয়ানের মৃত্যু অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য বিশ্বকাপ ফাইনাল ছাড়তে হলেও দেশবাসীর সমর্থন থাকা উচিত।”
আরও পড়ুন:
ওই ঘটনার পর ২০১৯ বিশ্বকাপ ভারত খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলির দল জিতেছিল ৮৯ রানে। এর পর থেকে প্রতি বছরই কোনও না কোনও আইসিসি বা এশীয় প্রতিযোগিতায় দু’দেশের সাক্ষাৎ হয়েছে। অন্য দেশে খেলা হলেও কখনও কোনও দেশ এই ম্যাচ বয়কট করেনি।