আইপিএলের প্রথম তিন মরসুমে কলকাতা দলে ছিলেন। খুব ভাল খেলতে পারেননি। ফলে ২০১১ নিলামে কেউ তাঁকে কেনেনি। সে সময় আইপিএলের চুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছিলেন ক্রিস গেল। ধারকর্জে ডুবে থাকা ক্রিকেটার শরণাপন্ন হয়েছিলেন ললিত মোদীর। কী ভাবে সেটা তাঁর জীবন বদলে দিয়েছিলেন। প্রকাশ্যে এনেছেন ললিত নিজেই।
সে বার নিলামে দল পাননি গেল। পরে ডার্ক ন্যানেস চোট পাওয়ায় তাঁকে নিয়েছিল আরসিবি। প্রথম চারটি ম্যাচে না খেলা সত্ত্বেও প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গেল। দু’টি শতরান এবং তিনটি অর্ধশতরানের সাহায্যে ৬০৮ রান করেছিলেন। ২০১৭ পর্যন্ত আরসিবি-তে ছিলেন। তত দিনে বহু কীর্তি গড়ে ফেলেছিলেন। এখনও তার কিছু কিছু রেকর্ড রয়ে গিয়েছে।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে ললিত বলেছেন, “২০১১ সালের কথা পরিষ্কার মনে আছে। আইপিএল ছেড়ে লন্ডনে ফেরার পর আমার ভাল বন্ধু ক্রিস গেল ফোন করেছিল। নিলামে ওকে কেউ কেনেনি। ও তার আগে ভাল খেলতেও পারেনি কলকাতার হয়ে। আমি ওকে বলেছিলাম, ভাল খেলতে পারোনি। অলস হয়ে গিয়েছো। ও বলেছিল, বাজারে প্রচুর টাকা ধার রয়েছে। সব বিল মেটানোর জন্য ওর অনেক টাকা দরকার।”
ললিতের সংযোজন, “আমি কয়েক জনকে ফোন করেছিলাম। সকলেই না করে দেয়। রাস্তার ও পারে বিজয় মাল্ল্যর বাড়ি গিয়ে বললাম, ‘এই ছেলেটাকে নাও’। বিজয় বলল, ‘দলে একটা জায়গা রয়েছে। তবে ভাল খেললে তবেই ওকে টাকা দেব’। ক্রিসকে বললাম, ওই দলে গিয়ে ভাল খেলো। সে বারই ক্রিস বিশ্বরেকর্ড গড়ল। নিজেই নিজের চেকবুক, নিজের জীবন লিখে ফেলেছিল। তার পর আর পিছন ফিরে তাকায়নি। ওর মধ্যে সাফল্যের খিদে ছিল।”