কলম্বোয় রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। তার আগেই অন্য একটি ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। ব্যাংককে উঠতি মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে দিল ভারত। আমিরশাহির কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন রাধা যাদবেরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দেন সাইমা ঠাকোর। ফিরিয়ে দেন ইউসরা আমিরকে। এর পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাঝের দিকের ওভারে রাধা যাদব এবং প্রেমা রাওয়াত ধাক্কা দেন পাকিস্তানকে। বিপক্ষের মাত্র তিন ব্যাটার দু’অঙ্কের গন্ডি পেরোতে পেরেছেন। তার মধ্যে শাওয়াল জ়ুলফিকার সর্বোচ্চ ২৩ রান করেছেন।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত ৯৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন সাইমা, রাধা এবং প্রেমা। একটি করে উইকেট জিন্টিমণি কলিটা এবং মিন্নু মণির।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ভারত হারায় হুমাইরা কাজ়িকে। কিন্তু দলকে বিন্দুমাত্র সমস্যায় পড়তে দেননি দীনেশ বৃন্দা এবং অনুষ্কা শর্মা। পাকিস্তানের বোলারদের শুরু থেকে শাসন করে বৃন্দা ২৯ বলে ৫৫ রান করেছেন। মেরেছেন ১২টি চার। অনুষ্কা ২৪ রানে আউট হন। চারে নেমে তেজল হাসনবিশ একটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫ বলে ১২ রান করেন। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত।