Advertisement
E-Paper

উইকেটের পিছনে ঈশান কেন, বিশ্বকাপের দরজা কি বন্ধ হয়ে গেল সঞ্জুর? জবাব দিয়ে দিলেন খোদ অধিনায়ক সূর্য

অনেকেই মনে করছেন, ঈশানের ঝোড়ো শতরানের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, তিনিই উইকেটকিপিং করবেন। কারণ, আগামী শনিবার আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়তো সঞ্জু বাদ পড়বেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১
Sanju Samson, Ishan Kishan, Arshdeep Singh

শনিবারের ম্যাচে (বাঁ দিক থেকে) সঞ্জু স্যামসন, ঈশান কিশন ও অর্শদীপ সিংহ। ছবি: পিটিআই

শনিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎই দেখা যায়, সঞ্জু স্যামসনের জায়গায় উইকেটকিপিং করছেন ঈশান কিশন। বিশ্বকাপের দরজা কি তা হলে সঞ্জুর জন্য বন্ধ হয়ে গেল? ভারতীয় দলের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন খোদ অধিনায়ক সূর্যকুমার যাদব।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে যে ঈশানই উইকেটকিপিং করবেন, তা আগে থেকেই ঠিক ছিল বলে জানিয়েছেন সূর্য। তিনি জানান, সিরিজ শুরুর আগেই ঠিক করা ছিল যে, প্রথম তিনটি ম্যাচে সঞ্জু এবং শেষ দু’টি ম্যাচে ঈশানকে দিয়ে উইকেটকিপিং করানো হবে।

অনেকেই মনে করছেন, ঈশানের ঝোড়ো শতরানের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, তিনিই উইকেটকিপিং করবেন। কারণ, আগামী শনিবার আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়তো সঞ্জু বাদ পড়বেন, এবং ঈশানকে উইকেটের পিছনে দেখে নিতেই টিম ম্যানেজমেন্ট এই সুযোগ দিয়েছে।

কিন্তু ম্যাচের পর সূর্য বলেন, ‘‘তিলক বর্মা না থাকায় সিরিজ়ের শুরু থেকেই দু’জন কিপার খেলছিল। আমরা সিরিজ়ের আগেই ঠিক করেছিলাম তিনটে ম্যাচে সঞ্জু এবং দুটো ম্যাচে ঈশান কিপিং করবে। আগের ম্যাচে চোটের কারণে ঈশান খেলতে পারেনি। এই ম্যাচে ওর কিপিং করার কথা আগে থেকেই ঠিক ছিল।’’

এই সিরিজে সঞ্জু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তিনি পাঁচ ম্যাচে ৯.২০ গড়ে মাত্র ৪৬ রান করেছেন। অন্য দিকে, তিলকের অনুপস্থিতিতে টপ-অর্ডারে ব্যাটিং করার সুযোগ দু’হাতে লুফে নিয়েছেন ঈশান। তিনি ২৩১.১৮ স্ট্রাইক রেটে ৫৩.৭৫ গড়ে ২১৫ রান করেছেন। তবে ঈশান যে খুব ভাল কিপিং করেছেন, তা একেবারেই নয়। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন।

তিলক এবং ওয়াশিংটন সুন্দরের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি জানিয়ে দিয়েছেন, তিলক মুম্বইতে দু’টি প্রস্তুতি ম্যাচেই খেলবেন।

সূর্য বলেন, ‘‘তিলক ভাল ভাবেই সেরে উঠছে। ২ এবং ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ে দুটো ম্যাচ ও খেলবে। আমার মনে হয় দুটো ম্যাচই ওর জন্য যথেষ্ট। গত কালই ওর সঙ্গে কথা হয়েছে। ও ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবই শুরু করেছে। আশা করছি দ্রুতই ওকে আমরা দলে পাব।’’

সুন্দরকে নিয়ে সূর্য বলেন, ‘‘ওয়াশিও ভাল করছে। ওর সঙ্গেও কথা হয়েছে। ওয়াশিও ব্যাটিং, বোলিং শুরু করেছে। ওকে দেখেও আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আশা করি ওকেও তাড়াতাড়ি দলে পাব।’’

Sanju Samson Ishan Kishan Suryakumar Yadav India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy