অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে হারের মুখে হরমনপ্রীত কৌরেরা। পার্থে দ্বিতীয় দিনের খেলার শেষে কোণঠাসা এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। হরমনপ্রীতদের প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৩২৩ রান। শনিবার খেলার শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ৬ উইকেটে ১০৫। হরমনপ্রীতেরা পিছিয়ে রয়েছেন ২০ রানে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভরাডুবি ভারতীয় মহিলা দলের। প্রথম ইনিংসে রুখে দাঁড়িয়েছিলেন জেমাইমা রদ্রিগেজ়। দ্বিতীয় ইনিংসে প্রতীকা রাওয়াল ছাড়া কেউ রান পেলেন না। পার্থের ২২ গজে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। স্মৃতি মন্ধানা (২), শেফালি বর্মা (৫), জেমাইমা (১৪), হরমনপ্রীত (১১), দীপ্তি শর্মা (৯), রিচা ঘোষেরা (০) ব্যর্থ। অস্ট্রেলিয়ার জোরে বোলারদের সামলাতে বল বুঝতেই পারলেন না তাঁরা। প্রথম ইনিংসে ১২৫ রানে পিছিয়ে থাকা দলের ব্যাটারদের কাছে যে রকম লড়াই প্রত্যাশিত, তার ধারে কাছেও যেতে পারলেন না কেউ।
ব্যতিক্রম শুধু তিন নম্বরে নামা প্রতীকা ২২ গজের এক প্রান্ত আগলে রাখলেও সঙ্গী হিসাবে কাউকে পেলেন না। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৪৩ রানে। ২২ গজে তাঁর সঙ্গী স্নেহ রানা (অপরাজিত ১৪)। অস্ট্রেলিয়ার লুসি হ্যামিল্টন ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৫ রানে ২ উইকেট অ্যানাবেল সাদারল্যান্ডের। ৩৭ রানে ১ উইকেট নিয়েছেন ডার্সি ব্রাউনের।
এর আগে দ্বিতীয় দিন সকালে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদারল্যান্ডের এবং এলিসা পেরির ১২৮ রানের জুটি অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় পৌঁছে দেয়। পেরি করেন ৭৬। ১০টি চারের পাশাপাশি ১টি ছয়ও মারেন তিনি। সাদারল্যান্ড খেললেন শতরানের ইনিংস। ১৭টি চারের সাহায্যে করলেন ১২৯ রান। অস্ট্রেলিয়ার পরের দিকের ব্যাটারেরা তেমন রান না পেলেও তাঁদের তৃতীয় উইকেটের জুটির সাফল্য দলকে সমস্যায় ফেলতে দেয়নি। শেষ দিকে অ্যালানা কিং (২১) এবং হ্যামিল্টন (২৩) ভাল ব্যাট করেন। নবম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৩৪ রান।
আরও পড়ুন:
ভারতীয় বোলারদের মধ্যে সফলতম সায়ালি সাতঘরে ৫০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৬৭ রানে ২ উইকেট দীপ্তির। ৭২ রানে ২ উইকেট ক্রান্তি গৌড়ের। ১টি করে উইকেট নিয়েছেন রানা এবং শেফালি।