Advertisement
E-Paper

বৃহস্পতিবার ভারতের ম্যাচের আগে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ়, বিকেলের ম্যাচে কাদের জয়ের দিকে তাকিয়ে গম্ভীর-সূর্যেরা

সুপার এইটের প্রথম ম্যাচ হারায় চাপে ভারত। ফলে নিজেদের ম্যাচের পাশাপাশি অন্য ম্যাচের দিকেও নজর রাখতে হচ্ছে সূর্যকুমার যাদবদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সেই ম্যাচের আগে এই গ্রুপেরই আরও একটি ম্যাচ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ়। সুপার এইটের প্রথম ম্যাচ হারায় চাপে ভারত। ফলে নিজেদের ম্যাচের পাশাপাশি অন্য ম্যাচের দিকেও নজর রাখতে হচ্ছে সূর্যকুমার যাদবদের। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে একটি দলকে সমর্থন করবেন সূর্য, গৌতম গম্ভীরেরা।

যে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে ভারত হেরেছে, সেই দক্ষিণ আফ্রিকাকেই বৃহস্পতিবার সমর্থন করবেন সূর্যেরা। তাঁরা চাইবেন, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ়কে হারাক। তার একমাত্র কারণ, নিজেদের হাতে সেমিফাইনালের অঙ্ক রাখা। ভারত যেহেতু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে ফেলেছে তাই তারা বাকি সব ম্যাচ জিতলে ভারতেরই সুবিধা।

সুপার এইটে গ্রুপ ১-এ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ২। ভারত ও জ়িম্বাবোয়ের পয়েন্ট ০। ভারতের নেট রানরেটও অনেকটা কম। এই পরিস্থিতিতে যদি বৃহস্পতিবার দুপুরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জেতে তা হলে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ২ থাকবে। অপর ম্যাচে ভারত যদি জ়িম্বাবোয়েকে হারায় তা হলে তাদেরও পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে কার্যত কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচ যারা জিতবে তারা দক্ষিণ আফ্রিকার পাশাপাশি এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে। নেট রানরেটের গুরুত্ব আর থাকবে না।

দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ়কে হারালে আরও একটি সুবিধা হবে ভারতের। যদি কোনও কারণে ভারত জ়িম্বাবোয়ের কাছে হারে, তার পরেও একটি সুযোগ থাকবে তাদের। ভারত হারলে তাদের পয়েন্ট হবে দুই ম্যাচে ০। দুই ম্যাচে জ়িম্বাবোয়ের পয়েন্ট হবে ২। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজ় দক্ষিণ আফ্রিকার কাছে হারলে তাদের পয়েন্ট হবে দুই ম্যাচে ২। সুপার এইটের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ়। সেই ম্যাচ ভারত জিতলে তিন ম্যাচে তাদের পয়েন্ট হবে ২। তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়েরও পয়েন্ট হবে ২। অন্য দিকে শেষ ম্যাচে জ়িম্বাবোয়েকে দক্ষিণ আফ্রিকা হারালে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৬। জ়িম্বাবোয়ের পয়েন্ট হবে তিন ম্যাচে ২। অর্থাৎ, এই অঙ্কে ভারত, ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে তিন দলেরই পয়েন্ট হবে ২। তখন নেট রানরেটে ঠিক হবে কোন দল সেমিফাইনালে যাবে। ফলে একটি সুযোগ থাকবে ভারতের।

কিন্তু যদি বৃহস্পতিবার ভারত জ়িম্বাবোয়ের কাছে হারে ও ওয়েস্ট ইন্ডিজ় দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলে ভারতের সেমিফাইনালে ওঠার কোনও সুযোগ থাকবে না। কারণ, সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ের পয়েন্ট হবে ২। ভারতের পয়েন্ট হবে ০। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে মুখোমুখি। তাদের মধ্যে একটি দলের পয়েন্ট ৪ হবেই। ভারত ২ পয়েন্টের বেশি পাবে না। ফলে বৃহস্পতিবার ভারত জ়িম্বাবোয়ের কাছে হারলে ও ওয়েস্ট ইন্ডিজ় দক্ষিণ আফ্রিকাকে হারালে বিশ্বকাপ থেকে বিদায় নেবে গত বারের চ্যাম্পিয়নেরা। এই পরিস্থিতি থেকেই স্পষ্ট, বৃহস্পতিবার নিজেদের ম্যাচে নামার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে গলা ফাটাবেন সূর্য, গম্ভীরেরা।

Team India Suryakumar Yadav Gautam Gambhir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy