আর্থিক পুরস্কারের পর এ বার উপহার হিসাবে গাড়ি পেল বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে তারকা হয়ে উঠেছে সে। ব্যাট হাতে ভাল খেলায় একের পর এক উপহার পাচ্ছে বৈভব। সেই তালিকাতেই রয়েছে এই গাড়ি।
বৈভবকে ২২ লক্ষ টাকা দামের গাড়ি উপহার দিয়েছে টাটা গোষ্ঠী। আইপিএলের গত মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র সাতটি ম্যাচেই নজর কেড়েছিল বৈভব। একটি শতরানও করেছিল। গত মরসুমে সেরা স্ট্রাইকারের পুরস্কার পেয়েছিল বৈভব। সেই পুরস্কার হিসাবেই এই গাড়ি তুলে দেওয়া হয়েছে। গত মরসুম শেষে পুরস্কার পেলেও এত দিনে সেই গাড়ি হাতে পেয়েছে ভারতীয় ক্রিকেটার।
সম্প্রতি সেই গাড়ি আনতে দোকানে গিয়েছিল বৈভব। সঙ্গে ছিল তারা বাবা, মা-সহ পরিবারের বাকিরা। পরিবারের সঙ্গে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবিও তোলে বৈভব। সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল।
ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে দেশে ফেরার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করে বৈভব। মুখ্যামন্ত্রী তার হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন। তা ছাড়া ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের জন্য সাড়ে ৭ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারও ভাগ পাবে বিহারের ১৪ বছর বয়সি ক্রিকেটার।
আরও পড়ুন:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছে বৈভব। তার ব্যাট থেকে এসেছে ৪৩৯ রান। তার মধ্যে শুধুমাত্র ফাইনালেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছে সে। মাত্র ৫৫ বলে শতরান করেছে সে। ১৫ চার ও ১৫ ছক্কা মেরেছে ভারতীয় ওপেনার। বৈভবের দাপটেই ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
আপাতত আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে আগামী মরসুমে ধারাবাহিক ভাবে দলের ওপেনারের ভূমিকায় দেখা যাবে তাকে। তাই এ বার অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বৈভব।