বাংলাদেশের হয়ে আবার শাকিব আল হাসানকে মাঠে দেখার সম্ভাবনা দিন দিন বাড়ছে। দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে দ্রুত বাংলাদেশে ফেরাতে চাইছে সে দেশের ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই শাকিবের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলার নথি দেশের সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’ এই খবর জানিয়েছে।
২০২৪ সালে কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পর থেকে আর দেশের হয়ে খেলেননি শাকিব। তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন, দেশের মাটিতে একটি সিরিজ় খেলে অবসর নিতে চান। কিন্তু শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর থেকে আর বাংলাদেশে ফিরতে পারেননি শাকিব। তিনি আওয়ামী লিগের সাংসদও ছিলেন। শাকিবের বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক মামলা চলছে বাংলাদেশের আদালতে। দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় আর বাংলাদেশে ফেরেননি শাকিব। তাঁকে আর কোনও দিন বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে না, এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পরেই ছবিটা বদলায়। আট ঘণ্টার এক বৈঠকে শাকিবকে আবার ফেরানোর দাবি শোনা যায়। বাংলাদেশে সরকার বদলেছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার বদলের পর শাকিবকে ফেরানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে।
সম্প্রতি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শাকিব ও বাংলাদেশের আর এক প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বিরুদ্ধে হওয়া সব মামলার নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। তাঁদের ক্রিকেটে ফেরার দরজাও খোলা হবে। শাকিবের মতো মোর্তাজাও আওয়ামী লিগের সাংসদ ছিলেন। পালাবদলের পর থেকে তাঁকেও জনসমক্ষে দেখা যায়নি।
আমিনুলের এই মন্তব্যের পরেই শাকিবের আইনি দল তাঁর বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে নথি তৈরি করেছে। সেই নথি পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ‘ক্রিকবাজ়’-কে বলেছেন, “শাকিবের মামলার সব নথি আমরা সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি।”
আরও পড়ুন:
সম্প্রতি শাকিবের ফেরা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, “শাকিব ভাইয়ের সঙ্গে আবার খেলতে পারলে খুব ভাল লাগবে। আমরা অনেক বছর একসঙ্গে খেলেছি। যদি শাকিব ভাই পাকিস্তান সিরিজ়ের আগে ফেরে তা হলে খুব খুশি হব।” বোর্ডের কর্তা ও অধিনায়কের কথা থেকে পরিষ্কার, তাঁরা দ্রুত শাকিবকে ফেরাতে চাইছেন।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শাকিব। তাঁকে দেশে ফেরাতে চাওয়ার নেপথ্যে এটি একটি বড় কারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের ক্রিকেটের উপর থেকে উৎসাহ হারিয়েছে জনতা। সম্প্রতি আয়োজিত অদম্য ক্রিকেট প্রতিযোগিতায় ফাঁকা গ্যালারি কর্তাদের চিন্তা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আবার দেশের ক্রিকেটকে জাগিয়ে তুলতে ‘পোস্টার বয়’-এর উপরেই ভরসা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেখানে শাকিবকে খেলানোর চেষ্টা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার জন্য ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এক দিনের আইসিসি ক্রমতালিকায় সেরা ১০ দলের মধ্যে তাদের থাকতে হবে। শাকিব সে ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন। সেই কারণেই হয়তো দ্রুত তাঁর বিরুদ্ধে হওয়া মামলার নিষ্পত্তি করে ফেলতে চাইছে বাংলাদেশ বোর্ড ও সে দেশের সরকার।