E-Paper

সঞ্জু না ঈশান শুরুতে, নজর প্রস্তুতি ম্যাচে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। আজ, নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আরও এক বার পরীক্ষা দিতে হতে পারে সঞ্জুকে। তবে ওপেনিংয়ে তাঁকে পাঠানো হয় কি না সেটাই দেখার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮
যশপ্রীত বুমরা।

যশপ্রীত বুমরা। — ফাইল চিত্র।

ভারতীয় দল পরিচালন সমিতি ভরসা রেখেছিল তাঁর উপরে। কিন্তু আস্থার মর্যাদা দিতে পারেননি সঞ্জু স্যামসন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ মোট ৪৬ রান। গড় মাত্র ৯.২০। ওপেন করতে নেমেও বড় রান করতে ব্যর্থ সঞ্জু। পাঁচ ইনিংসে আউট হয়েছেন বারবার একই ভুল করে। বড় শট খেলতে গিয়ে। অন্য দিকে, আড়াই বছর পরে ভারতীয় দলে ফিরে চমকে দিয়েছেন ঈশান কিষন। সুযোগটা হাতছাড়া করেননি। চার ইনিংসে করেছেন ২১৫ রান, রয়েছে একটি সেঞ্চুরি। বিশ্বকাপে কাকে দিয়ে ওপেন করানো হবে?

বুধবার প্রস্তুতি ম্যাচেই তা পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। আজ, নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আরও এক বার পরীক্ষা দিতে হতে পারে সঞ্জুকে। তবে ওপেনিংয়ে তাঁকে পাঠানো হয় কি না সেটাই দেখার।

বিশ্বকাপে প্রথম একাদশে ঈশান ও সঞ্জুকে একসঙ্গে খেলানো কঠিন। কারণ, তিলক বর্মা দলে ফিরবেন। তখন এক জন উইকেটকিপারকে বাদ দিতেই হবে। তিরুঅনন্তপুরমে ঈশানকে দিয়েই কিপিং করানো হয়েছে। কোচ গৌতম গম্ভীরও হয়তো চিন্তা করেছেন, ঈশানকে দলে রাখার। কিংবদন্তি সুনীল গাওস্করও মনে করেন, সঞ্জুকে বসিয়ে ঈশানকে দিয়েই ওপেন করানো উচিত। দু’দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘সঞ্জুকে বসানো কঠিন। কিন্তু তিলক বর্মা দলে ফিরছে। সঞ্জুও যথেষ্ট ভাল ক্রিকেটার। ওর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এখন রানের মধ্যে নেই। বিশ্বকাপের মতো মঞ্চে ঝুঁকি নেওয়া উচিত না। পাঁচ ম্যাচে সুযোগ পেয়েও সর্বোচ্চ স্কোর ২৪। আউটও হয়েছে নিজের ভুলে। আত্মবিশ্বাসের অভাবও স্পষ্ট ওর খেলায়। তিলক যদি ফিট হয়, সঞ্জুকে প্রথম একাদশেদেখছি না আমি।’’

শেষমেশ গাওস্করের ধারণা সঠিক হয় কি না দেখার। মঙ্গলবার মুম্বইয়ে অনুশীলন করেছে ভারত। সূর্যকুমার যাদব, ঈশান, অভিষেক শর্মারা দীর্ঘক্ষণ নেটে ব্যাট করেন। অনুশীলনে উপস্থিত ছিলেন যশপ্রীত বুমরাও। নেটে বেশ কিছুক্ষণ বল করতে দেখা যায় সি ভি বরুণকেও। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যাতে ক্রিকেটবিশ্বের সামনে ওর সব রহস্য ফাঁস না হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে কয়েক ওভার বল করানো হতেও পারে।

এ দিকে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে ওমান হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকে। জ়িম্বাবোয়ে জেতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সন্ধে ৭.০০ থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jasprit Bumrah ICC T20 World Cup

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy