Advertisement
E-Paper

বিতর্কিত রান আউট হয়ে ক্ষোভ! মেজাজ হারিয়ে শাস্তি কেকেআর ব্যাটার রঘুবংশীর

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিতর্কিত রান আউট হয়ে মেজাজ হারান অঙ্গকৃশ রঘুবংশী। সেই কারণে শাস্তি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:৫০
cricket

অঙ্গকৃশ রঘুবংশীর বিতর্কিত রান আউটের সেই মুহূর্ত। ছবি: পিটিআই।

কলকাতা নাইট রাইডার্স জিতলেও বিতর্কে অঙ্গকৃশ রঘুবংশী। ব্যাট করতে নেমে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর অপরাধে রান আউট হয়েছেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি। মেজাজ হারান। ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারি লাইনের ধারে সজোরে ব্যাটের বাড়ি মারেন তিনি। ছুড়ে ফেলে দেন হেলমেট ও গ্লাভস। মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন কেকেআরের ব্যাটার। তাঁকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁকে ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতার নিয়মের ২.২ ধারা ভেঙেছেন রঘুবংশী। তাই তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। বিবৃতিতে বলা হয়েছে, “ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় সরঞ্জামের অবহেলা করেছেন রঘুবংশী। তাই তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। রঘুবংশী নিজের অপরাধ স্বীকার করেছেন। তাই ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।”

ঠিক কী হয়েছিল ঘটনাটি?

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। প্রিন্স যাদবের বল মিড অনের দিকে ঠেলে রান নিতে ছুটেছিলেন রঘুবংশী। তিনি কিছুটা দৌড়ে আসার পর ফেরত পাঠান ক্যামেরন গ্রিন। রঘুবংশী সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে ক্রিজ়ের দিকে ছুটতে শুরু করেন। শেষ মুহূর্তে ডাইভ দেন। তার আগেই মহম্মদ শামির থ্রো তাঁর পায়ে লাগে।

Advertisement

এর পরেই শামি-সহ লখনউয়ের ক্রিকেটারেরা আবেদন করতে থাকেন যে, ইচ্ছা করে বলের সামনে এসে রান আউট থেকে বাঁচতে চেয়েছেন রঘুবংশী। অন-ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার ভার দেন তৃতীয় আম্পায়ারকে। তৃতীয় আম্পায়ার জানান, ক্রিজ়ে ফেরার আগে নিজের গতিপথ বদল করেন রঘুবংশী। বৃত্তাকারে ঘুরে গিয়ে ক্রিজ়ে ফেরার চেষ্টা করেন। সেই সময় তাঁর চোখও ছিল বলের দিকে। ফলে তিনি যে ইচ্ছা করে বলের সামনে আসার চেষ্টা করেছেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সে সব বিবেচনা করেই তাঁকে আউট দেওয়া হয়।

রঘুবংশী এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি। কিছু ক্ষণ মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন। সাজঘরে ফেরার সময় বাউন্ডারিতে ব্যাটের বাড়ি মারতে দেখা যায় তাঁকে। ছুড়ে ফেলে দেন হেলমেট ও গ্লাভস। ডাগআউটে বসে থাকা কোচ অভিষেক নায়ার এবং সহকারী কোচ শেন ওয়াটসনও এই সিদ্ধান্ত বিশ্বাস করতে পারেননি। পরে নায়ারকে দেখা যায় হাত-পা নেড়ে উত্তেজিত ভাবে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতে। তবে লাভের লাভ কিছুই হয়নি। এই ঘটনায় শাস্তি পেলেন রঘুবংশী।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Angkrish Raghuvanshi KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy