ঘড়ির কাঁটায় তখন প্রায় বিকেল সাড়ে চারটে। ইডেনে ব্যস্ত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছেন মাঠকর্মীরা। আধ ঘণ্টা পরেই শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন। তারই প্রস্তুতি চলছে। কিন্তু এক জন অক্লান্ত ভাবে নকিং করে যাচ্ছেন। কে? না, রিঙ্কু সিংহ। মনঃসংযোগে কোনও খামতি নেই। স্পষ্ট বোঝা যাচ্ছিল, কেকেআরের হয়ে আইপিএল স্মরণীয় করে রাখতে তিনি মরিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন রান করতে পারেননি। অবশ্য খুব বেশি সুযোগও আসেনি। এ দিন দেখা গেল তিনি বিশেষ ধরনের অনুশীলনে মগ্ন। পিচের মাঝখানে একটি পাটাতন রাখা। তার উপরে বাউন্স আদায় করার জন্য নীল রংয়ের একটি রবারের মতো বস্তু। যিনি থ্রো-ডাউন দিচ্ছিলেন, তিনি বারংবার নানা গতিতে সেই বস্তুটির উপরে বল ফেলছিলেন। ফলে কখনও বল কোমরের কাছে, কখনও বুকের কাছে আসছিল। বোঝাই যাচ্ছিল খাটো লেংথের বলের বিরুদ্ধে বিশেষ মহড়া সারছেন।
রবিবার আইপিএলে ওয়াংখেড়েতে নাইটরা অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য সমৃদ্ধ মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপ প্রতিপক্ষ বোলারদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বোলিংয়েও রয়েছেন যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, করবিন বশ, দীপক চাহারের মতো পেসার। বল করবেন হার্দিকও। ওয়াংখেড়েতে লাল মাটির পিচে বোলাররা অতিরিক্ত বাউন্স পান। ফলে রিঙ্কুকে ফেরানোর জন্য বুমরারা যদি ব্রহ্মাস্ত্র হিসেবে শর্ট বল তুলে রাখেন, তাতে অবাক হওয়ার থাকবে না। পাল্টা প্রতিষেধক নিয়ে রিঙ্কুও যাতে তৈরি থাকতে পারেন, প্রায় এক ঘণ্টা সেই মহড়াই সারলেন নাইটদের অন্যতম সেরা বাঁ-হাতি ব্যাটসম্যান।
এ দিন দ্বিতীয় আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। নাইটদের সিইও বেঙ্কি মাইসোর সরকারি ভাবে জানিয়ে দিলেন আকাশ দীপ ছিটকেই গিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে বিদর্ভের বাঁ-হাতি পেসার সৌরভ দুবেকে। এখনও পর্যন্ত আইপিএলে তাঁর অভিষেক হয়নি। ২০২২ সালে আইপিএলে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। তার পরে মুম্বই ইন্ডিয়ানস শিবিরেও ছিলেন। নিলামে সৌরভের ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। বিদর্ভের হয়ে আটটি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন। ২০১৯ সালে ভারতের এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দলেও ছিলেন সৌরভ। প্রতিযোগিতায় পেয়েছিলেন মোট সাত উইকেট। প্রস্তুতি ম্যাচে ওভারের প্রথম বলেই ফেরান ফিন অ্যালেনকে। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪২ রান দিয়ে দু’উইকেট পান। মুস্তাফিজ়ুর রহমান চলে যাওয়ায় বাঁ-হাতি পেসারের অভাব তৈরি হয়েছিল। সেই অভাব মেটানোর দায়িত্ব থাকবে সৌরভের উপরে।
প্রস্তুতি ম্যাচ দেখে ইঙ্গিত পাওয়া গেল ওপেন করার সবেচেয় বেশি সম্ভাবনা অজিঙ্ক রাহানে ও ফিন অ্যালেনের। নাইটদের অধিনায়ক মাত্র ২০ বলে অর্ধশতরান করেন। উমরান মালিক, সৌরভ থেকে নবদীপ সাইনি কাউকেই রেয়াত করেননি। নাইট ভক্তরা সবেচেয়ে বেশি খুশি হবেন হয়তো ক্যামেরন গ্রিনকে নিয়ে। নবদীপ সাইনিকে ডিপ মিড উইকেটে লম্বা ছক্কা হাঁকিয়ে মাত্র ২৮ বলে অর্ধশতরান পূরণ করেন। দু’বল পরেই অবশ্য তাঁকে ফিরতে হয়। শেষ দিকে মাত্র ১৫ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রামনদীপ সিংহও। পরে বল করতে নেমে এক ওভারে তিন উইকেট নেন কার্তিক ত্যাগী।
বেঙ্কি বলছিলেন, “দল নিয়ে দারুণ খুশি। চোট-আঘাত তো খেলারই অঙ্গ। ফলে তা নিয়ে বেশি ভাবছি না। মনে রাখতে হবে রিঙ্কু, বরুণের মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটার রয়েছে।” মাথিশা পাথিরানার বিষয়ে তাঁর বক্তব্য, “আমরা সবসময় শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি ওর ম্যাচ ফিট হতে খুব বেশি সময় লাগবে না।” সূত্রের খবর, শ্রীলঙ্কা বোর্ডের ছাড়পত্র পেলে তিনি মুম্বইয়েই দলের সঙ্গে যোগ দেবেন। সোমবার রাতেই শহরে চলে আসছেন সুনীল নারাইন, রভম্যান পাওয়েলরা। বুধবার দুপুরের বিমানে মুম্বই উড়ে যাচ্ছে নাইটরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)