Advertisement
E-Paper

আমরা তো শ্রমিক! আইপিএলে ম্যাচ জেতানো স্পেলের পর কেন এ কথা বললেন শামি, ‘কর্মভূমি’ ইডেনে এসে জানালেন পেসার

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেল করেছেন মহম্মদ শামি। তার পরেও তাঁর মনে হচ্ছে, তাঁরা শ্রমিক। কেন এ কথা বললেন শামি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৫:২৮
cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

নিজেদের শ্রমিক মনে করেন মহম্মদ শামি। যত ভাল বলই করুন না কেন, পা মাটিতে রেখে চলতে চান তিনি। ইডেনে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। তার আগে নিজের কথার ব্যাখ্যা দিলেন লখনউয়ের পেসার শামি।

হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন শামি। আউট করেন অভিষেক শর্মা ও ট্রেভিস হেডকে। হায়দরাবাদের ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দেন তিনি। ১৮টি ডট বল করেন শামি। তার পর তিনি বলেন, “আমরা তো শ্রমিক। আমাদের কাজ শুধু বল করা।”

কেন সেই কথা তিনি বলেছেন তার ব্যাখ্যা ইডেনে এসে দিয়েছেন শামি। তিনি জানিয়েছেন, পরিশ্রমের গুরুত্ব বোঝাতে নিজেদের শ্রমিক বলেছেন তিনি। শামি বলেন, “জীবনে চড়াই-উতরাই আছে। চোট আছে। কিন্তু পরিশ্রম ভুলে গেলে চলবে না। চারপাশে ঘটতে থাকা অনেক কিছুই আপনার দুর্বলতা হয়ে দাঁড়াবে। এখন তো সবকিছুই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু শ্রমিকের মতো পরিশ্রম করে যেতে হবে।”

দলে ব্রাত্য থাকার পরেও চেষ্টা করে যাচ্ছেন শামি। বাংলার হয়ে ঘরোয়া মরসুমে ভাল খেলেছেন। রঞ্জি, বিজয় হজারে, মুস্তাক আলি, তিনটি ঘরোয়া প্রতিযোগিতাতেই উইকেট নিয়েছেন। শামি বলেন, “আমি কৃষক পরিবারে জন্মেছি। তাই নিজের শিকড় ভুলিনি। এখনও খিদে আছে। যদি সর্বোচ্চ পর্যায়ে খেলতে চান, তা হলে এই খিদে তো ধরে রাখতেই হবে।”

আরও এক বার নিজের প্রিয় মাঠে নামতে চলেছেন শামি। যে মাঠ তাঁকে পরিচিতি দিয়েছে সেই মাঠে ভাল বল করতে চান ডানহাতি পেসার। তিনি বলেন, “আমি উত্তরপ্রদেশে জন্মালেও বাংলার ইডেন আমার কর্মভূমি। যত দিন আমি খেলতে পারব, বাংলার হয়েই খেলব। এই মাঠে ভাল বল করলে তার চেয়ে বেশি আনন্দ হয় না।”

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Mohammed Shami LSG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy