ব্যাটিং ফর্ম থেকে শুরু করে অধিনায়কত্ব— সমালোচনা বাড়ছে অজিঙ্ক রাহানেকে ঘিরে। এখনও পর্যন্ত কেকেআর একটি ম্যাচও জিততে পারেনি। পাশাপাশি রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটারেরা। ব্যাট হাতে রাহানে নিজেও গত দু’ম্যাচে বড় রান করতে পারেননি। এই পরিস্থিতিতে রাহানের পাশে দাঁড়িয়েছেন ধারাভাষ্যকার সাইমন ডুল। রাহানের হয়ে কথা বলেছেন তিনি।
সেরা ক্রিকেটারদের সঙ্গে রাহানের তুলনা করেছেন ডুল। ‘ক্রিকবাজ়’-কে তিনি বলেন, “গত চার বছরে ওর রেকর্ড তো খারাপ নয়। ৩০ গড়ে ১৪৮ স্ট্রাইক রেটে রান করেছে। লোকে বলছে, ওকে বাদ দেওয়া উচিত। শেষ চার বছরে ওর রেকর্ড তো অন্তত রোহিতের চেয়ে ভাল। ঈশান কিশনের সমগোত্রীয়। তা হলে ওকে কেন বাদ দেওয়া হবে।”
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহানের ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান তিনি। তাঁর মেজাজ হারানো স্বাভাবিক বলেই মনে করছেন ডুল। তিনি বলেন, “ওর মেজাজ হারানো স্বাভাবিক। হ্যাঁ, ওর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। দল খারাপ খেলায় ওর উপর চাপ বাড়ছে। সেই কারণেই হয়তো ওর মতো ক্রিকেটার মেজাজ হারিয়েছে। কিন্তু ওর ফর্ম খারাপ নেই।”
আরও পড়ুন:
ডুলের কথার যুক্তি রয়েছে। ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, ২০২৩ সাল থেকে পাওয়ার প্লে-তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট অভিষেক শর্মার (১৭৬.৫৬)। তার পরেই রয়েছেন রাহানে (১৬৭.৭৮)। গত মরসুমেও কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান রাহানে করেছেন। তা হলে বার বার কেন তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে? সেই কথাই বলেছেন ডুল।