Advertisement
E-Paper

নিউ জ়িল্যান্ডকে চাপে ফেলেও হারাতে পারল না আফগানিস্তান, জয় দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু স্যান্টনারদের

চেন্নাইয়ের ২২ গজে প্রত্যাশিত সাফল্য পেলেন না আফগানিস্তানের স্পিনারেরা। ফলে নিউ জ়িল্যান্ডকে ইনিংসের শুরুতেই চাপে ফেলেও হারাতে পারলেন না রশিদ খানেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩
picture of cricket

হতাশ রশিদ খান। ছবি: আইসিসি।

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু নিউ জ়িল্যান্ডের। রবিবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারালেন মিচেল স্যান্টনারেরা। প্রথমে ব্যাট করে রশিদ খানের দল করে ৬ উইকেটে ১৮২ রান। জবাবে ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৮৩ কিউয়িদের।

নিউ জ়িল্যান্ডকে চাপে ফেলেও জিততে পারলেন না রশিদেরা। ১৮৩ রান তাড়া করতে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যান স্যান্টনারেরা। মুজিব উর রহমানের পর পর দু’বলে বোল্ড হয়ে যান ফিন অ্যালেন (১) এবং রাচিন রবীন্দ্র। পরিস্থিতি সামলান অন্য ওপেনার টিম সাইফার্ট এবং চার নম্বরে নামা গ্লেন ফিলিপ্স। সাইফার্ট করেন ৪২ বলে ৬৫। ৭টি চার এবং ৩টি ছয় মেরেছেন তিনি। ফিলিপ্সের ৪২ রান এসেছে ২৫ বলে। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছক্কা। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৭৪ রান। এর পর দ্রুত রান তোলার চেষ্টা করেন মার্ক চ্যাপম্যানও। তিনি ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ১৭ বলে ২৮ রান করেন। শেষে ড্যারেল মিচেল ১৪ বলে ২৫ এবং স্যান্টনার ৮ বলে ১৭ রানের অপরাজিত থেকে দলকে বিশ্বকাপের প্রথম জয় এনে দেন।

আফগান বোলারদের মধ্যে সফলতম মুজিব ৩১ রানে ২ উইকেট নিয়েছেন। চেন্নাইয়ের ২২ গজে প্রত্যাশিত সাফল্য পেলেন না আফগান স্পিনারেরা। ১৮ রানে ১ উইকেট মহম্মদ নবির। ৩৬ রান দিয়ে ১ উইকেট রশিদের। আজ়মতুল্লা ওমরজ়াই ৪০ রানে ১ উইকেট পেয়েছেন।

এর আগে আফগানিস্তানও ৪৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। রহমানুল্লা গুরবাজ় ২২ বলে ২৭ রান করলেও অপর ওপেনার ইব্রাহিম জ়াদরান (১২ বলে ১০) রান পাননি। তিন নম্বরে নেমে গুলবাদিন নাইব বেশ ভাল ব্যাট করেন। তাঁর ৩৫ বলে ৬৩ রানের ইনিংসে রয়েছে ৩টি চার এবং ৪টি ছক্কা। সিদ্দিকুল্লা অটল করেন ২৪ বলে ২৯। আফগানিস্তানকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন ডারউইশ রাসোলি (২০), ওমরজ়াই (১৪) এবং নবি (অপরাজিত ১০)।

নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার লকি ফার্গুসন ৪০ রানে ২ উইকেট নিয়েছেন। ১৪ রানে ১ উইকেট রাচিনের। ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। এ ছাড়া ৩০ রানে ১ উইকেট জ্যাকব ডাফির।

T20 World Cup 2026 New Zealand Afghanistan Rashid Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy