Advertisement
E-Paper

৫০ ওভারে ৮২২ রান তুলল একটি দল, জিতল ৭৯৪ রানে! এক দিনের ক্রিকেটে বিরল ঘটনা

এক দিনের ম্যাচ হলেও একটি ইনিংসে যে রান উঠল তা হার মানিয়ে দিল টেস্ট ক্রিকেটকেও। কারণ টেস্টেও একটি ইনিংসে এত রান ওঠে না। একটি ক্রিকেট ম্যাচে এমনই ঘটনা ঘটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:১৪
cricket

ক্রিকেটে নজিরবিহীন ঘটনা। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নামেই এক দিনের ম্যাচ। একটি ইনিংসে যে রান উঠল তা হার মানাবে টেস্ট ক্রিকেটকেও। কারণ টেস্ট ক্রিকেটেও একটি ইনিংসে এত রান ওঠে না। একটি ক্রিকেট ম্যাচে এমনই ঘটনা ঘটেছে। একটি দল প্রথমে ব্যাট করে তুলেছে ৮২২ রান। জিতেছে ৭৯৪ রানে।

জ়িম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে এই ঘটনা ঘটেছে। স্করপিয়ন্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল মিথেন লায়ন্স। সেই ম্যাচে স্করপিয়ন্স প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৮২২ রান তোলে। জবাবে মিথেন ন্যূনতম লড়াইও করতে পারেনি। তারা ২৮ রানে অলআউট হয়ে যায়।

স্করপিয়ন্সের জয়ের কৃতিত্ব দুই ওপেনারের। তাকুন্ডা মাদেম্বো এবং উইনফেড মাতেন্ডে শুরুতেই দুর্দান্ত খেলে দেন। মাদেম্বো ১৪৩ বলে ৩০২ রান করেছেন। তিনি ৫০টি চার এবং ৭টি ছয় মেরেছেন। মাতেন্ডে করেছেন ৭৫ বলে ২০৩ রান। তিনি ২৩টি চার এবং ১৩টি ছয় মেরেছেন। শতরান করে অপরাজিত থাকেন গ্যাব্রিয়েল জায়া। তিনি ৪৯ বলে ১১০ করেছেন। তিন নম্বরে নেমে ভিনসেন্টে মোয়ো করেছেন ৩৯ বলে ৭৮ রান।

শুরুতে পিচ দেখে মনে হয়েছিল বোলারদের বধ্যভূমি। ব্যাটারেরা ইচ্ছামতো রান করছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই পিচই কঠিন হয়ে দাঁড়ায়। মিথেনের একের পর এক ব্যাটার আউট হতে থাকেন। শেষ পর্যন্ত ৭৯৪ রানে জেতে স্করপিয়ন্স।

লিস্ট এ ক্রিকেটে স্বীকৃত ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে বিহারের। বিজয় হজারে ট্রফিতে তারা অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫৭৪/৬ তুলেছিল। সেই ম্যাচে বৈভব সূর্যবংশী ৮৪ বলে ১৯০ রান করেছিল। আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের। ২০২২-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮/৪ তুলেছিল তারা।

Zimbabwe Cricket Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy