Advertisement
E-Paper

ব্যাট ছেড়ে হাতে খুন্তি! পাক দল থেকে বাদ পড়ে রাঁধুনির বেশে বাবর, নতুন রূপ দেখালেন পাক ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের দলে সুযোগ পাননি বাবর আজ়ম। এ বার নতুন রূপে দেখা গেল তাঁকে। ব্যাট ছেড়ে হাতে খুন্তি তুলে নিলেন পাক ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১২:৫৫
cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

ইদে নিজের নতুন রূপ দেখালেন বাবর আজ়ম। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের দলে সুযোগ পাননি বাবর। এ বার নতুন রূপে দেখা গেল তাঁকে। ব্যাট ছেড়ে হাতে খুন্তি তুলে নিলেন পাক ক্রিকেটার। রান্না করলেন তিনি।

ইদের দিন এক্স মাধ্যমে একটি ভিডিয়ো দিয়েছেন বাবর। সেখানে দেখা যাচ্ছে, শির খুরমা রান্না করছেন তিনি। সঙ্গে আরও একটি পদ রান্না করছেন পাক ক্রিকেটার। কী ভাবে রান্না করছেন, তা দেখানো হয়েছে ভিডিয়োতে। বাবর বলেন, “ইদে আমার প্রিয় কিছু পদ রান্না করলাম। সকলকে ইদের শুভেচ্ছা। প্রত্যেকে বন্ধু, পরিবারের সঙ্গে এই বিশেষ দিন উদ্‌যাপন করুন।”

পাকিস্তানের বিশ্বকাপের দলে সুযোগ পেলেও ভাল খেলতে পারেননি বাবর। চারটি ইনিংসে ২২.৭৫ গড় ও ১১২.৩৪ স্ট্রাইক রেটে ৯১ রান করেছেন তিনি। শেষ দিকে তাঁকে দল থেকে বাদ দিতে বাধ্য হন কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমন আলি আঘা। সুপার এইট থেকেই বিদায় নেয় পাকিস্তান।

বিশ্বকাপের পরেই বাবর ও ফখর জ়মানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, চোট লুকিয়ে খেলেছেন তাঁরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই চোটে ভুগছিলেন বাবর এবং ফখর। বিশ্বকাপের পর সলমনদের দলের পারফরম্যান্সের ব্যাখ্যা দেওয়ার সময় বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন অন্যতম নির্বাচক আকিব জাভেদ। সে সময় তাঁর পাশে ছিলেন মিসবা উল হক, সরফরাজ় আহমেদ, আসাদ শফিকেরাও। জাভেদ বলেন, যুক্তরাজ্য নিবাসী চিকিৎসক জাভেদ মুঘলের রিপোর্টে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের সময়ই চোট ছিল বাবর এবং ফখরের।

গত জানুয়ারিতে পিসিবির মেডিক্যাল প্যানেলের ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন মুঘল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা করেন। তাতেই দুই ক্রিকেটারের চোটের কথা জানা যায়। পরে জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে বাবর সরে দাঁড়ানোয় সন্দেহ আরও গাঢ় হয়। জানা যায়, বাবর বেশ কিছু দিন ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। ফখরেরও একই ধরনের চোট রয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘বিশ্বকাপের পর যখন বাবরের পরীক্ষা করা হয়, তখন চোট অনেকটাই বেড়ে গিয়েছে। প্রথমে হালকা চোট ছিল। জ়ামানও একই রকম চোটে ভুগছে কয়েক মাস ধরে। ওদের চোটগুলো নতুন নয়। টানা খেলে যাওয়াতেই চোট গুরুতর হয়ে গিয়েছে।’’ যদিও পাকিস্তানের নির্বাচক কমিটি জানিয়েছে, দলের ফিজিয়ো ক্লিফ ডিকনের রিপোর্টের ভিত্তিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছিল বাবর এবং ফখরকে।

অতীতেও ক্রিকেটারদের অল্প চোটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে ডিকনের বিরুদ্ধে। বাবরদের চোট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তদন্ত শুরু করেছে পিসিবি। জাতীয় দলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বাবর এবং জ়ামান কেন নিজেরা চোটের কথা জানাননি, তা-ও জানার চেষ্টা করছেন পিসিবি কর্তারা। তার মাঝেই এ বার নতুন ভূমিকায় দেখা গেল বাবরকে।

Pakistan Cricket Babar Azam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy