Advertisement
E-Paper

পাক ক্রিকেটে এ বার পকেট খালি হল শাহিনের! চার বহিরাগতকে হোটেলে ঢোকানোর জেরে দিতে হল জরিমানা

শাস্তি পেলেন শাহিন শাহ আফ্রিদি। বোর্ডের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হোটেলে চার বহিরাগতকে ঢুকিয়ে বিপাকে লাহৌর কলন্দর্সের অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:১০
cricket

শাহিন শাহ আফ্রিদি। —ফাইল চিত্র।

দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে শাস্তি দিল লাহৌর কলন্দর্স। শাহিনকে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বোর্ডের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হোটেলে চার বহিরাগতকে ঢুকিয়ে বিপাকে শাহিন।

লাহৌর একটি বিবৃতিতে লিখেছে, “ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে। ইচ্ছাকৃত ভাবে বোর্ডের নির্দেশ অমান্য করার চেষ্টা করা হয়নি। কিন্তু নিয়ম মানতেই হবে। লাহৌর কলন্দর্স পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তান সুপার লিগের নিয়ম মেনে এই সিদ্ধান্ত নিয়েছে।”

পাকিস্তান সুপার লিগে লাহৌর কলন্দর্সের অধিনায়ক শাহিন। দল যে হোটেলে রয়েছে, সেখানেই চার জনকে ঢোকান শাহিন। এই ঘটনায় পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসিরকে চিঠি দেয় পঞ্জাব পুলিশ। ঘটনা খতিয়ে দেখার অনুরোধ করে তারা।

চিঠিতে পঞ্জাব পুলিশ লেখে, বোর্ডের নিষেধ সত্ত্বেও বাইরের লোককে ক্রিকেটারদের ঘরে নিয়ে গিয়ে নিয়ম ভেঙেছেন শাহিন। ওই অতিথিরা হোটেলের ঘরে প্রায় তিন ঘণ্টা ছিলেন। সমাজমাধ্যমেও সেই ভিডিয়ো ধরা পড়েছে।

তবে শুরুতে চার জনকে হোটেলের ঘরে নিয়ে যাননি শাহিন। জানা গিয়েছে, ওই চার ব্যক্তি লাহৌরের আর এক ক্রিকেটার সিকন্দর রাজার পরিচিত। প্রথমে লাহৌরের তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিকের কাছে আবেদন করা হয়। কিন্তু বাইরের কাউকে হোটেলে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

তার পর পাকিস্তানের সিইও নাসিরের কাছে আবেদন করেন লাহৌরের মালিক সলমন রানা। নাসিরও অনুমতি দেননি। সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি। তার পরেও থামেননি শাহিন। জোর করে চার জনকে নিয়ে যান তিনি। পাকিস্তানের লিগে বিদেশি ক্রিকেটারদের এক জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে। ফলে লিগের সুরক্ষা আরও বাড়ানো হয়েছে। সেখানে শাহিন যা করেছেন, তাতে কোনও খারাপ ঘটনা ঘটলে তার দায় কে নিত, সেই প্রশ্ন তুলেছে পুলিশ। তার পরেই শাহিনকে শাস্তি দিয়েছে লাহৌর। এখন দেখার, এই বিষয়ে পাকিস্তান বোর্ড কোনও পদক্ষেপ করে কি না।

Pakistan Super League Shaheen Afridi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy