Advertisement
E-Paper

শাহরুখের কেকেআরকে ঠকিয়েছে অস্ট্রেলিয়া? উঠছে প্রশ্ন, নিলামের দিন থেকেই ২৫ কোটির গ্রিনকে নিয়ে বিতর্ক, প্রকাশ্যে এল ১২৫ দিন পর

ক্যামেরন গ্রিনকে ঘিরে বিতর্ক বেড়েই চলেছে কেকেআরে। অধিনায়ক অজিঙ্ক রাহানের দাবির পর পাল্টা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বার কী করবে কলকাতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:২২
cricket

ক্যামেরন গ্রিন। —ফাইল চিত্র।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভার ফিল্ডিং করলেও বল করেননি ক্যামেরন গ্রিন। এমনকি, যখন দল চাপে, তখনও বল হাতে দেখা যায়নি কেকেআরের সবচেয়ে দামি (২৫ কোটি ২০ লক্ষ) বিদেশিকে। কেন বল করলেন না গ্রিন? এই প্রশ্ন জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

গত বছর ২৪ নভেম্বর আইপিএলের নিলামে সকলকে টেক্কা দিয়ে গ্রিনকে কিনেছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি তিনি। সেই নিলামের ১২৫ দিন পর তৈরি হয়েছে বিতর্ক। কেকেআরকে কি ঠকিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড? কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের একটি মন্তব্য তৈরি করে দিয়েছে এই বিতর্ক।

‘কেন বল করল না, জানে ক্রিকেট অস্ট্রেলিয়া’

কলকাতা-মুম্বই খেলা শেষে রাহানেকে জিজ্ঞাসা করা হয়, কেন গ্রিনকে বল দেওয়া হল না? জবাবে রাহানে বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না।” কেকেআর অধিনায়কের কথা থেকে স্পষ্ট, গ্রিনের বল না করার নেপথ্যে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশ রয়েছে।

‘ওরা তো সবটাই জানত’

রাহানের দাবির পর চুপ থাকেনি অস্ট্রেলিয়া বোর্ড। তাদের মুখপাত্র জানিয়েছেন, কেকেআর আগে থেকেই সবটা জানত। তিনি বলেন, “গ্রিনের পিঠের একটা সমস্যা আছে। সেই কারণে কিছু সময়ের জন্য ওকে বল করতে নিষেধ করা হয়েছিল। ও সুস্থ হয়ে উঠছে। ১০-১২ দিনের মধ্যে বোলিং শুরু করতে পারবে। কেকেআরকে আগে থেকেই এই কথা জানানো হয়েছিল। ওরা তো সবটাই জানত।”

নিলামেই ধোঁয়াশা

আইপিএলের নিলামে গ্রিনকে রাখা হয়েছিল বিদেশি ব্যাটারদের তালিকায়। সেই তালিকা থেকেই তাঁকে কিনেছে কেকেআর। গ্রিনকে কিন্তু অলরাউন্ডারের তালিকায় রাখা হয়নি। তখনই কি ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝিয়ে দিয়েছিল, গ্রিন শুধু ব্যাটার হিসাবে খেলবেন?

ধোঁয়াশা বাড়িয়ে দেয় গ্রিনের একটি মন্তব্য। তিনি জানান, তাঁর ম্যানেজারের একটি ভুলে তাঁকে ব্যাটারদের তালিকায় রাখা হয়েছে। কিন্তু তিনি আইপিএলে বল করবেন। তার পরেও তো বল করছেন না গ্রিন। তা হলে কি কেকেআরকে ঠকিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড?

নিয়ন্ত্রণ কার? কেকেআর না ক্রিকেট অস্ট্রেলিয়ার?

২৫ কোটি ২০ লক্ষ টাকায় গ্রিনকে নিলেও তাঁর উপর নিয়ন্ত্রণ কিন্তু থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। তার একমাত্র কারণ, গ্রিন অস্ট্রেলিয়া বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন। কোনও ক্রিকেটার যখন কোনও বোর্ডের চুক্তিতে থাকেন, তখন তাঁর চোট সংক্রান্ত সব সিদ্ধান্ত সেই বোর্ড নেন। অস্ট্রেলিয়া বোর্ড যদি বলে গ্রিন বল করবেন না, তা হলে কেকেআর চাইলেও তাঁকে দিয়ে বল করাতে পারবে না।

আইপিএলে এই ঘটনা নতুন নয়

এই উদাহরণ আগেও দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে শুধু ব্যাটার হিসাবে খেলেছেন। বল করেননি। শ্রীলঙ্কার কয়েক জন ক্রিকেটার আইপিএলে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত সে দেশের বোর্ডের হাতে। তাঁরা অনুমতি না দিলে ক্রিকেটারেরা খেলতে পারবেন না। গ্রিনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। অস্ট্রেলিয়া বোর্ড যদি তাঁকে অনুমতি না দেন তা হলে তিনি বল করতে পারবেন না।

বেতন কাটা যাবে গ্রিনের?

এই পরিস্থিতিতে গ্রিনের বেতন কেটে নেওয়ার দাবি করেছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ চোপড়া। অশ্বিন বলেন, “যদি গ্রিন চার ওভার বল করতে না পারে, তা হলে ওর বেতন কাটার অধিকার কেকেআরকে দেওয়া উচিত। কারণ, নিলামে এক রকম পরিকল্পনা করে দলগুলো। সেই পরিকল্পনা ভেস্তে গেলে দলগুলোর হাতেও কিছু ক্ষমতা দেওয়া উচিত।” আকাশের কথায়, “যদি আপনি অলরাউন্ডার কেনার জন্য টাকা খরচ করে ব্যাটার পান, তা হলে অন্তত টাকা কেটে নেওয়ার অধিকার থাকা উচিত দলগুলোর।”

নষ্ট হচ্ছে কেকেআরের ভারসাম্য

গ্রিন বল করতে না পারায় কেকেআরের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কারণ, এই দল তৈরি করা হয়েছিল গ্রিনকে কেন্দ্রে রেখে। তিনি ব্যাটার ও বোলারের ভূমিকা পালন করতেন। প্রতিটি দলেই এই ভূমিকায় কেউ না কেউ থাকেন। এমনই কেকেআরের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। এই পরিস্থিতিতে যদি গ্রিন বল করতে না পারেন তা হলে ২২০ করেও হারতে হবে কেকেআরকে। ঠিক যেমনটা দেখা গিয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে।

Cameron Green KKR Ajinkya Rahane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy