Advertisement
E-Paper

চার বহিরাগতকে হোটেলের ঘরে ঢুকিয়ে নতুন বিতর্কে শাহিন! পাক বোর্ডের নিয়ম ভাঙায় শাস্তির মুখে পাক পেসার

একের পর এক বিতর্কে শাহিন আফ্রিদি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশ মানেননি তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৩০
cricket

শাহিন শাহ আফ্রিদি। —ফাইল চিত্র।

সময়টা ভাল যাচ্ছে না শাহিন শাহ আফ্রিদির। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও বিতর্কে তিনি। অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশ অগ্রাহ্য করে হোটেলের ঘরে চার জনকে নিয়ে যান তিনি। শাস্তি পেতে পারেন শাহিন।

পাকিস্তান সুপার লিগে লাহৌর কলন্দর্সের অধিনায়ক শাহিন। দল যে হোটেলে রয়েছে, সেখানেই জোর করে চার জনকে ঢোকান শাহিন। এই ঘটনায় পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসিরকে চিঠি দিয়েছে পঞ্জাব পুলিশ। ঘটনা খতিয়ে দেখার অনুরোধ করেছে তারা।

চিঠিতে লেখা, বোর্ডের নিষেধ সত্ত্বেও বাইরের লোককে ক্রিকেটারদের ঘরে জোর করে নিয়ে গিয়ে নিয়ম ভেঙেছেন শাহিন। ওই অতিথিরা হোটেলের ঘরে প্রায় তিন ঘণ্টা ছিলেন। সমাজমাধ্যমেও সেই ভিডিয়ো ধরা পড়েছে।

তবে শুরুতে জোর করে চার জনকে হোটেলের ঘরে নিয়ে যাননি শাহিন। জানা গিয়েছে, ওই চার ব্যক্তি লাহৌরের আর এক ক্রিকেটার সিকন্দর রাজার পরিচিত। প্রথমে লাহৌরের তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিকের কাছে আবেদন করা হয়। কিন্তু বাইরের কাউকে হোটেলে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

তার পর পাকিস্তানের সিইও নাসিরের কাছে আবেদন করেন লাহৌরের মালিক সলমন রানা। নাসিরও অনুমতি দেননি। সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি। তার পরেও থামেননি শাহিন। জোর করে চার জনকে নিয়ে যান তিনি। পাকিস্তানের লিগে বিদেশি ক্রিকেটারদের এক জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে। ফলে লিগের সুরক্ষা আরও বাড়ানো হয়েছে। সেখানে শাহিন যা করেছেন, তাতে কোনও খারাপ ঘটনা ঘটলে তার দায় কে নিত, সেই প্রশ্ন তুলেছে পুলিশ। এখন দেখার, এই বিষয়ে পাকিস্তান বোর্ড কোনও পদক্ষেপ করে কি না।

Pakistan Super League Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy