আবার বিতর্কে পাকিস্তান ক্রিকেট। পাকিস্তান সুপার লিগে বল বিকৃতির অভিযোগ উঠেছে। নিশানায় শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও ফখর জ়মান। এই ঘটনার জন্য শাস্তি পেতে হয়েছে তাঁদের। করাচি কিংসকে ৫ রান অতিরিক্ত দেন আম্পায়ারেরা। ফলে ম্যাচ হারতে হয় লাহৌর কলন্দর্সকে। ম্যাচ শেষে শাহিনকে নিশানা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ় রাজা।
রবিবার লাহৌর কলন্দর্স বনাম করাচি কিংসের ম্যাচ ছিল। শেষ ওভারে করাচির জিততে দরকার ছিল ১৪ রান। বল করতে যান রউফ। ওভার শুরু হওয়ার আগে দেখা যায়, একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন রউফ, দলের অধিনায়ক শাহিন ও ফখর। সেই সময় বার বার নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছিলেন তাঁরা। প্রত্যেকেই বল নিয়ে হাতের তলায় লুকিয়ে রাখছিলেন।
এই ঘটনা চোখে পড়ে আম্পায়ার ফয়জ়ল আফ্রিদির। তিনি বল চেয়ে নেন। তার পর আর এক অধিনায়ক শরফুদ্দৌলার সঙ্গে কথা বলেন। বল খতিয়ে দেখে তাঁদের মনে হয়েছে, বল বিকৃত হয়েছে। তাই করাচিকে ৫ রান অতিরিক্ত দেন আম্পায়ার। ফলে শেষ ওভারে দরকার পড়ে ৯ রান। সেই রান তুলে নেয় করাচি।
আরও পড়ুন:
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শাহিন। মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে পুরস্কার মঞ্চে ধারাভাষ্যকার রামিজ় বল বিকৃতির ঘটনা নিয়ে প্রশ্ন করেন শাহিনকে। জবাবে লাহৌরের অধিনায়ক বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না। আমরা দেখব ক্যামেরায় কী ধরা পড়েছে। তার পর আলোচনা করব। ৫ রান ওদের দিয়ে দেওয়া হল। আমাদের অনুরোধ শোনা হয়নি।”
এ কথা শোনার পরেও রামিজ় প্রশ্ন করে যান। তাতে খেই হারান শাহিন। বার বার তিনি বলতে থাকেন, তাঁরা এই বিষয়ে এখন কিছু বলতে পারবেন না। শাহিন বলেন, “আপনি আম্পায়ারদের জিজ্ঞাসা করুন, কেন বল বদলানো হল। আমরা জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু ওরা আমাদের সরে যেতে বলেন। আমরা এখন কিছু বলতে পারব না। ভিডিয়ো দেখে তবেই কিছু বলব।”