টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। রবিবার পাকিস্তান সরকার বিশ্বকাপ খেলা নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। পাকিস্তানের এই সিদ্ধান্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) কিছু জানানো হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হওয়ার কথা সলমন আলি আঘাদের। পাকিস্তান সেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। নামিবিয়া এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের অন্য দু’টি ম্যাচ পাকিস্তান খেলবে বলেও জানানো হয়েছে। পাকিস্তান সরকার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তে কথা জানিয়েছে। যদিও কেন এমন সিদ্ধান্ত তার ব্যাখ্যা দেওয়া হয়নি। নিরপেক্ষ দেশে ম্যাচ হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে তৈরি হয়েছে জল্পনা।
বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য সরকারি ভাবে কিছু জানায়নি। আইসিসিকেও সরকারি ভাবে কিছু জানাননি মহসিন নকভিরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইসিসির এক কর্তা বলেছেন, ‘‘পিসিবি সরকারি ভাবে আইসিসিকে কিছু জানায়নি। আমরা সরকারি ভাবে না জানা পর্যন্ত মন্তব্য করতে চাই না।’’ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের সিদ্ধান্তের ব্যাপারে সরকারি ভাবে কিছু জানে না।
আরও পড়ুন:
আইসিসির নিয়ম অনুযায়ী, পাকিস্তান সরকার বিশ্বকাপের অংশীদার নয়। তাই এই ঘোষণা আইসিসির কাছে গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সরকারি ভাবে জানাতে হবে পিসিবিকে। ম্যাচ না খেলার নির্দিষ্ট কারণও জানাতে হবে নকভিদের। তাই পাকিস্তান সরকারের পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন আইসিসি কর্তারা।