Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

চোট লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাবর-সহ পাকিস্তানের দুই ক্রিকেটার! মেডিক্যাল রিপোর্ট পেয়ে তদন্ত শুরু পাক বোর্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পিসিবির মেডিক্যাল প্যানেলের ডিরেক্টর জাভেদ মুঘল ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা করেন। তাতেই বাবর আজ়ম এবং ফখর জ়ামানের চোটের কথা জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২৩:০১
picture of cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক। চোট লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাবর আজ়ম এবং ফখর জ়ামান। এমনই তথ্য পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই সিনিয়র ব্যাটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে পিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই চোটে ভুগছিলেন বাবর এবং জ়ামান। কয়েক দিন আগে বিশ্বকাপে সলমন আলি আঘার দলের পারফরম্যান্সের ব্যাখ্যা দেওয়ার সময় বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন অন্যতম নির্বাচক আকিব জাভেদ। সে সময় তাঁর পাশে ছিলেন মিসবা উল হক, সরফরাজ় আহমেদ, আসাদ শফিকেরাও। জাভেদ বলেছিলেন, যুক্তরাজ্য নিবাসী চিকিৎসক জাভেদ মুঘলের রিপোর্টে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের সময়ই চোট ছিল বাবর এবং জ়ামানের।

গত জানুয়ারিতে পিসিবির মেডিক্যাল প্যানেলের ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন মুঘল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা করেন। তাতেই দুই ক্রিকেটারের চোটের কথা জানা যায়। পরে জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে বাবর সরে দাঁড়ানোয় সন্দেহ আরও গাঢ় হয়। জানা যায়, বাবর বেশ কিছু দিন ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। জ়ামানেরও একই ধরনের চোট রয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘বিশ্বকাপের পর যখন বাবরের পরীক্ষা করা হয়, তখন চোট অনেকটাই বেড়ে গিয়েছে। প্রথমে হালকা চোট ছিল। জ়ামানও একই রকম চোটে ভুগছে কয়েক মাস ধরে। ওদের চোটগুলো নতুন নয়। টানা খেলে যাওয়াতেই চোট গুরুতর হয়ে গিয়েছে।’’ যদিও পাকিস্তানের নির্বাচক কমিটি জানিয়েছে, দলের ফিজিয়ো ক্লিফ ডিকনের রিপোর্টের ভিত্তিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছিল বাবর এবং জ়ামানকে।

অতীতেও ক্রিকেটারদের অল্প চোটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে ডিকনের বিরুদ্ধে। বাবরদের চোট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তদন্ত শুরু করেছে পিসিবি। জাতীয় দলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বাবর এবং জ়ামান কেন নিজেরা চোটের কথা জানাননি, তা-ও জানার চেষ্টা করছেন পিসিবি কর্তারা।

বাবর এখন রয়েছেন লাহৌরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে তাঁর রিহ্যাব চলছে। মনে করা হচ্ছে, আগামী ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগে খেলতে তাঁর সমস্যা হবে না। পেশোয়ার জ়ালমির অধিনায়ক তিনি। জ়ামান অবশ্য পিসিবি কর্তাদের জানিয়েছেন, তিনি সম্পূর্ণ ফিট। জাতীয় টি-টোয়েন্টি কাপেও খেলছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে কাউকেই রাখেননি পাকিস্তানের নির্বাচকেরা।

সংক্ষেপে
  • গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
  • বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
  • ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
PCB Babar Azam Fakhar Zaman Injury ICC T20 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy