কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার ব্লেসিং মুজ়ারাবানির মতোই শাস্তি পেতে হল দাসুন শনাকাকে। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ককে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল।
পিএসএল ছেড়ে আইপিএল খেলতে আসায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রোষে পড়লেন শনাকা। লাহৌর কলন্ডর্সের হয়ে পিএসএল খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শনাকা। তাঁর সঙ্গে পাকিস্তানের ৭৫ লাখ টাকার (ভারতীয় মূল্যে প্রায় ২৫ লাখ টাকা) চুক্তি হয়েছিল। সেই চুক্তি ভেঙে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তি করেছেন শনাকা। আইপিএলের দলটির সঙ্গে তাঁর চুক্তির অঙ্ক ২ কোটি টাকা। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনের পরিবর্ত হিসাবে শনাকার সঙ্গে চুক্তি করেন রাজস্থান কর্তৃপক্ষ। পিএসএল দলের সঙ্গে চুক্তিভঙ্গ করায় শনাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি। অর্থাৎ শ্রীলঙ্কার অধিনায়ক আগামী মরসুমেও পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন না।
পিসিবি বিবৃতি দিয়ে বলেছে, ‘‘সব কিছু খতিয়ে দেখে এবং পর্যালোচনা করার পর নিশ্চিক হওয়া গিয়েছে, দাসুন শানাকা একতরফা ভাবে চুক্তি থেকে সরে গিয়েছেন। নাম নথিভুক্তিকরণের শর্তাবলী এবং ত্রিপাক্ষিক চুক্তি ভঙ্গ করেছেন তিনি। শনাকা যে যুক্তি দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। চুক্তির শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শুনানির সময় সংশ্লিষ্ট ক্রিকেটার দুঃখপ্রকাশ এবং পাকিস্তানের মাটিতে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর মনোভাব ইতিবাচক ভাবে বিবেচনা করা হলেও গুরুতর চুক্তি লঙ্ঘন হালকা ভাবে নেওয়া যায় না। লিগের অখণ্ডতা এবং স্বাতন্ত্র্য বজায় রাখার স্বার্থে ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।’’
আরও পড়ুন:
পিএসএল থেকে সরে দাঁড়ানোর পর কর্তৃপক্ষ এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান শনাকা। ক্ষমা চান লাহৌর কলন্ডর্স সমর্থকদের কাছেও। তিনি বলেন, ‘‘পিএসএল থেকে নাম প্রত্যাহারের সময় তাঁর কাছে অন্য কোনও লিগে খেলার প্রস্তাব ছিল না। ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’’