Advertisement
E-Paper

ইচ্ছামতো সমাজমাধ্যমে পোস্ট করতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটারেরা, নিতে হবে পাক বোর্ডের অনুমতি

পিসিবির অনুমতি ছাড়া ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় নয়, এমন কিছু সমাজমাধ্যমে পোস্ট করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাক ক্রিকেটারেরা। ভবিষ্যতে অবাঞ্ছিত বিতর্ক এড়াতে সিদ্ধান্ত মহসিন নকভিদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২০:০৪
picture of cricket

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ়কে সমাজমাধ্যমে নাসিম শাহের কটাক্ষের পর সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমাজমাধ্যম ব্যবহার নিয়ে ক্রিকেটারদের উপর কড়া বিধিনিষেধ চাপালেন মহসিন নকভিরা। এ বার থেকে সমাজমাধ্যমে কিছু পোস্ট করার আগে পিসিবির মিডিয়া বিভাগের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।

পাকিস্তানের সংবাদমাধ্যমে জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় নয়, এমন কিছু সমাজমাধ্যমে পোস্ট করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারেরা। বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের মেনে চলতে হবে এই নির্দেশিকা। রাজনৈতিক বা বিতর্ক তৈরি হতে পারে, এমন কিছু পোস্ট করতে পারবেন না ক্রিকেটারেরা। বিশেষ করে সব রকম রাজনৈতিক পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। ভবিষ্যতে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতেই কঠোর অবস্থান নিয়েছেন তাঁরা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এসেছিলেন মারিয়ম। তাঁকে স্টেডিয়ামে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান নকভি। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিল পিসিবি। তাতে নাসিম মন্তব্য করেছিলেন, ‘‘ওঁকে কেন সব সময় লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হয়।’’ পাক জোরে বোলারের এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। তাঁর বিরুদ্ধে মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ ওঠে। নাসিম অবশ্য দাবি করেছিলেন, তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। বিষয়টি জানতে পেরেই মুছে দেন। তাঁর এই যুক্তি বা সাফাই গ্রহণযোগ্য মনে করেননি ক্ষুব্ধ পিসিবি কর্তারা। নাসিমকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দেয় পিসিবি। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোলারের বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ এবং সমাজমাধ্যম অপব্যবহারের অভিযোগ আনা হয়।

বিতর্কিত ওই মন্তব্য করার অপরাধে নাসিমকে ৬৮ লাখ টাকা (পাকিস্তানের ২ কোটি টাকা) জরিমানা করেছে পিসিবি। এর পরই ক্রিকেটারদের সমাজমাধ্যম ব্যবহারের উপর বিধিনিষেধ জারি করল পাক বোর্ড।

Social Media Post PCB Babar Azam Shaheen Afridi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy