শুধু পাকিস্তানের মধ্যে আর পাকিস্তান সুপার লিগকে আটকে রাখতে চাইছে না সে দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বাইরেও এক দেশে লিগকে ছড়িয়ে দিতে চাইছেন তারা। সেই দেশে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরিরও পরিকল্পনা করেছেন মহসিন নকভিরা।
সৌদি আরবে পাকিস্তান সুপার লিগকে ছড়িয়ে দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংবাদসংস্থা পিটিআই-কে পাক বোর্ডের এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সৌদি ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি।
ওই সূত্র বলেছে, “পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, সৌদিতে পাকিস্তানের ক্রিকেটকে ছড়িয়ে দিতে। পাকিস্তান সুপার লিগের কয়েকটি ম্যাচ সে দেশে করতে চাইছে তারা। জেড্ডায় একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চান নকভি। আলোচনা চলছে। তবে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।”
কোথায় স্টেডিয়াম তৈরি করা হবে, সেই জায়গা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে ওই সূত্র। এমন একটি জায়গা খোঁজা হচ্ছে যেখানে বেশি দর্শকাসনের স্টেডিয়াম তৈরি করা যায়। তা হলে অনেক বেশি দর্শক বসে খেলা দেখতে পারবেন।
আরও পড়ুন:
ওই সূত্র জানিয়েছে, সৌদি ক্রিকেট বোর্ডই প্রথমে পাক বোর্ডকে এই প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব পছন্দ হয়েছে নকভিদের। নিজেদের একটি টি-টোয়েন্টি লিগও শুরু করতে চাইছে সৌদি বোর্ড। ওই সূত্র বলেছে, “কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সৌদি বোর্ডের সঙ্গে পাক বোর্ডের সম্পর্ক বেশ ভাল। পশ্চিম এশিয়ায় পাকিস্তানের অনেক নাগরিক থাকেন। সেখানে খেলা হলে তাঁরাও খেলা দেখতে পাবেন।”
পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত থাকাকালীন পাক বোর্ডের হোম ম্যাচ হত সংযুক্ত আরব আমিরশাহিতে। তখন থেকেই পশ্চিম এশিয়ার দেশগুলির ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ ভাল। সেই সম্পর্ক আরও মজবুত করতে চাইছেন নকভিরা। এখন দেখার, কত তাড়াতাড়ি এই চুক্তি কার্যকর হয়।