Advertisement
E-Paper

বিশ্বকাপের মাঝেই গম্ভীরকে প্রস্তাব আইপিএলের দলের! ভারতীয় দলের কোচের পদ কি ছাড়বেন? জানা গেল গৌতির মনের কথা

রাজস্থান রয়্যালস নতুন প্রস্তাব দিয়েছে গৌতম গম্ভীরকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারতীয় দলের কোচের সঙ্গে কথা বলেছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৪
cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

এ বার কি তবে ভারতীয় দলের কোচের পদ ছেড়ে আবার আইপিএলে ফিরবেন গৌতম গম্ভীর? রাজস্থান রয়্যালস প্রস্তাব দিয়েছে গম্ভীরকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারতীয় দলের কোচের সঙ্গে কথা বলেছে তারা। তবে যত দূর খবর, গম্ভীর এই প্রস্তাবে রাজি নন।

‘আজ় তক’ জানিয়েছে, রাজস্থান রয়্যালসের মালিকেরা গম্ভীরের সঙ্গে কথা বলেছেন। আইপিএলের আগামী মরসুমের আগে রাজস্থানের মালিকানা বদলেছে। ফলে দলের অধিনায়কত্ব থেকে শুরু করে কোচিং স্টাফ, সব কিছুতেই বদল হয়েছে। গম্ভীরকে দলের মেন্টর বা সিইও বা পরামর্শদাতা, কোনও একটি পদের দায়িত্ব দিতে চায় রাজস্থান।

তবে রাজস্থান চাইলেও হয়তো গম্ভীরকে পাবে না। কারণ, আপাতত ভারতীয় দলের কোচ হিসাবেই থাকতে চাইছেন গৌতি। ২০২৭ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। কোচ হয়ে ভারতকে ইতিমধ্যেই একটি আইসিসি ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতিয়েছেন গম্ভীর। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে উঠেছে ভারত। এর পর ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ রয়েছে। তত দিন ভারতের কোচই থাকতে চান তিনি। গম্ভীরের চুক্তি আর না বাড়ানো হলে ২০২৭ সালের পর আইপিএলের কোনও দলে দেখা যেতে পারে তাঁকে।

ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকাকালীন অবশ্য অন্য কোনও দলের কোচ থাকতে পারবেন না গম্ভীর। ভারতের ফুটবলে এই দৃশ্য দেখা গেলেও (ভারতের জাতীয় দলের কোচ থাকাকালীন আইএসএলে এফসি গোয়ার কোচ ছিলেন মানোলো মার্কেজ়) ক্রিকেটে সেই নিয়ম নেই। কারণ, সে ক্ষেত্রে স্বার্থের সংঘাত হয়। এমনকি, ভারতের কোচ থাকাকালীন অন্য কোনও দলের মালিকানাতেও গম্ভীরের যোগ থাকতে পারবে না।

আইপিএলে গম্ভীরের রেকর্ড ভাল। লখনউ সুপার জায়ান্টসকে মেন্টর হিসাবে দু’বার প্লে-অফে তুলেছিলেন তিনি। দু’বারই তৃতীয় স্থানে শেষ করেছিল দল। কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসাবে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই কারণেই গম্ভীরের প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থান। কিন্তু ভারতীয় দলের প্রধান কোচকে এই মুহূর্তে তাদের পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

Gautam Gambhir IPL Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy