Advertisement
E-Paper

রোহিতদের জন্য স্বস্তি, অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে মাঠে ফিরতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার

সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের শক্তি এবং ভারসাম্য বাড়তে পারেন। প্রায় সাড়ে চার মাস পর মাঠে ফিরতে চলেছেন অভিজ্ঞ ক্রিকেটার। খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১১:৫১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রথম একাদশে এক জন বাঁহাতি ব্যাটার চান দ্রাবিড়, রোহিতরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রথম একাদশে এক জন বাঁহাতি ব্যাটার চান দ্রাবিড়, রোহিতরা। ছবি: টুইটার।

অবশেষে মাঠে ফিরলেন রবীন্দ্র জাডেজা। গত এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন জাডেজা। রঞ্জি ট্রফি দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন বাঁহাতি স্পিনার অলরাউন্ডার।

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হবে সৌরাষ্ট্র। ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে খেলার কথা জাডেজার। এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস বাড়ানোর ট্রেনিং করছেন জাডেজা। সঙ্গে চলছে ক্রিকেট অনুশীলনও। সপ্তাহ খানেক আগে থেকে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করেছেন জাডেজা। রঞ্জি ট্রফি খেলার আগে তাঁকে ফিটনেস টেস্ট দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। জাডেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের ১৭ জনের দলে রেখেছেন জাতীয় নির্বাচকরা। যদিও তাঁর দলে থাকা নির্ভর করবে ফিটনেসের উপর।

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে রঞ্জি ম্যাচে দেখে নেওয়া হবে জাডেজা চোট সারিয়ে পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চলার সময় হোটেলে সতীর্থদের সঙ্গে মজা করতে গিয়ে ডান হাঁটুতে গুরুতর চোট পান জাডেজা। পরে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।

গাড়ি দুর্ঘটনার জন্য ঋষভ পন্থ প্রায় এক বছর খেলতে পারবেন না বলে মনে করা হচ্ছে। ভারতের টেস্ট দলে এক জন বাঁহাতি ব্যাটার প্রয়োজন। যিনি ব্যাটিং অর্ডারের পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে পারবেন। পন্থের অনুপস্থিতিতে জাডেজা উপযুক্ত বিকল্প হতে পারেন। যদিও বিসিসিআই কর্তারা ঝুঁকি নিতে চাইছেন না। জাডেজা খেলবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ডের মেডিক্যাল বোর্ডের সদস্যরাই।

এখনও পর্যন্ত জাডেজা ৬০টি টেস্ট, ১৭১টি এক দিনের ম্যাচ এবং ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রায় সাড়ে পাঁচ হাজার রান রয়েছে। টেস্টে তিনটি শতরান এবং ১৭টি অর্ধশতরান রয়েছে। ৪৮২টি আন্তর্জাতিক উইকেট রয়েছে জাডেজার ঝুলিতে।

BCCI India vs Australia Ravindra Jadeja Injury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy