Advertisement
E-Paper

নেই চোট, তবু এ বার আইপিএল খেলবেন না কোহলিদের দলের পেসার, বাড়িতে বসেই ৫ কোটি টাকা পাবেন ক্রিকেটার

আইপিএলের আগে খোঁজ পাওয়া যাচ্ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের। অবশেষে তাঁর খোঁজ পাওয়া গেলেও জানা গিয়েছে, এই মরসুমে খেলবেন না তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৪:৪৯
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

চোট নেই তাঁর। তার পরেও এ বার আইপিএলে খেলবেন না যশ দয়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে থাকলেও তাঁকে মাঠে দেখা যাবে না। না খেললেও তাঁকে রাখা হবে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর কর্তা।

আইপিএলের আগে বেঙ্গালুরুর শিবিরে যশকে দেখা যাচ্ছিল না। তাঁর চোটের কোনও খবর ছিল না। ফলে যশকে দেখতে না পেয়ে অনেকে ভাবছিলেন, তাঁকে ছেঁটে ফেলা হয়েছে কি না। শেষ পর্যন্ত দেখা গেল, ছেঁটে না ফেললেও খেলতে পারবেন না তিনি। আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট এক সাংবাদিক বৈঠকে বলেন, “এই মরসুমে যশ দয়াল আরসিবির হয়ে খেলবে না। ওর ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে। তাই ওর ভালর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ও চুক্তির মধ্যেই থাকছে।”

সাধারণত কোনও ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল না খেললে তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। ফলে টাকাও কেটে নেওয়া হয়। কিন্তু যশকে ছাড়া হচ্ছে না। একই ঘটনা ঘটেছিল জফ্রা আর্চারের সঙ্গে। চোট থাকার পরেও তাঁকে ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ সব ক্ষেত্রে ক্রিকেটারদের টাকা কাটা হয় না। নিলামের আগে ৫ কোটি টাকায় যশকে ধরে রাখা হয়েছিল। অর্থাৎ, এই মরসুমে বাড়িতে বসেই ৫ কোটি টাকা পাবেন এই বাঁহাতি পেসার।

যশের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। দেশের দু’টি রাজ্যের পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। একটি ক্ষেত্রে অভিযোগকারিণী আবার নাবালিকা। বেঙ্গালুরুর শিবিরে সব ক্রিকেটার যোগ দিলেও গত মরসুমে ১৩ উইকেট নেওয়া উত্তরপ্রদেশের জোরে বোলার অনুপস্থিত ছিলেন। শুধু তা-ই নয়, দলের বাসে যশ ছাড়া বাকি সব ক্রিকেটারের ছবি রয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল যে, দলের ভাবমূর্তির স্বার্থে গুরুতর অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারকে কি ছেড়ে দিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ? শেষ পর্যন্ত তার জবাব পাওয়া গেল।

যশকে গত নিলামের আগে ধরে রেখেছিল আরসিবি। তাঁর অনুপস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। একটি যৌন হেনস্থার মামলায় গত জানুয়ারি মাসে রাজস্থান হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে ধর্ষণ, মানসিক এবং শারীরিক নির্যাতনের মামলায় নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর গ্রেফতারি এড়াতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যশ। এক নাবালিকাকেও ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এই বিতর্কের মধ্যেই গত ৪ ফেব্রুয়ারি যশ বিয়ে করেছেন নেটপ্রভাবী শ্বেতা পুন্ডিরকে। বিয়ের অনুষ্ঠানে শুধু দু’পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়েরা আমন্ত্রিত ছিলেন। সমাজমাধ্যমে অবশ্য বিয়ের কথা ঘোষণা করেননি তাঁরা। শুধু বিয়ের কয়েক দিন পর দু’জনের একটি ছবি পোস্ট করেছিলেন শ্বেতা। যশের অনুশীলনের ভিডিয়োও পোস্ট করেছিলেন। দিল্লির বাসিন্দা শ্বেতাকে সমাজমাধ্যমে অনুসরণ করেন ছ’লাখের কাছাকাছি মানুষ। প্রাক্তন ক্রিকেটারদের লিগে উপস্থাপিকা হিসাবেও দেখা যায় তাঁকে।

যশের গতিবিধি সম্পর্কে জানেন না উত্তরপ্রদেশের ক্রিকেট কর্তারাও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক কর্তা বলেছেন, ‘‘যশের বিরুদ্ধে অভিযোগগুলো খুবই গুরুতর। তাই আমরা ওকে এখন দলে বিবেচনা করছি না। গত সেপ্টেম্বরে শেষ বার আমরা ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু যোগাযোগ হয়নি। যশ ফোন নম্বরও পাল্টে ফেলেছে। ওর ছোটবেলার কোচও কিছু জানেন না। যশের সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই।’’

RCB Yash Dayal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy