জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারাতে সলমন আলি আঘার দলকে অবশ্য যথেষ্ট লড়াই করতে হল। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রান করে নেদারল্যান্ডস। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান পাকিস্তানের। ব্যর্থ সলমন, বাবর আজ়ম। চাপের মুখে ব্যাট হাতে জেতালেন ফাহিম আশরফ।
ভারত ম্যাচ বয়কট করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে পাকিস্তান। তবে প্রথম ম্যাচেই চ্যালেঞ্জের মুখে পড়ে গেল সলমনের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সলমন। প্রথমে ব্যাট করার সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। শুরুতেই আউট হয়ে যান ওপেনার ম্যাক্স ও ডাওদ (৫)। অন্য ওপেনার মাইকেল লেভিট এবং তিন নম্বরে নামা ব্যাস ডে লিড পরিস্থিতি সামলান। লেভিট করেন ১৫ বলে ২৪। লিডের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩০। তবে ইনিংসে সর্বোচ্চ রান অধিনায়ক স্কট এডওয়ার্ডসের। পাঁচ নম্বরে নেমে ২৯ বলে ৩৭ রান করেন। এ ছাড়া বলার মতো রান কলিন অ্যাকেরম্যানের ১৪ বলে ২০।
পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম সলমন মির্জা ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৭ রানে ২ উইকেট সাইম আয়ুবের। ২৩ বলে ২ রান আবরার আহমেদের। ৩৮ বলে ২ উইকেট মহম্মদ নওয়াজের। প্রত্যাশা অনুযায়ী বল করতে পারলেন না শাহিন আফ্রিদি। ৩ ওভার বল করে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন পাক জোরে বোলার।
জয়ের জন্য ১৪৮ রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় পাকিস্তান। এক সময় ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল সলমনদের ইনিংস। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার সাহিবজ়াদা ফারহান এবং সাইম। ফারহান করেন ৩১ বলে ৪৭। ৪টি চার এবং ২টি ছয় মারেন তিনি। সাইম করেন ১৩ বলে ২৪। ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় পাকিস্তান। সলমন (১২), বাবর (১৫), উসমান খান (শূন্য), শাদাব খান (৮), মহম্মদ নওয়াজ়েরা (৬) দলকে ভরসা দিতে পারেননি। এক সময় ওভার প্রতি প্রায় ১৩ রান দরকার ছিল পাকিস্তানের।
আরও পড়ুন:
ম্যাচের রং বদলে দেয় পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভার। লোগান ভ্যান বিকের ওই ওভারে ২৮ রান তুলে ম্যাচ বের করলেন আশরফ। ওই ওভারে ৩টি ছয় এবং ১টি চার মারেন তিনি। তবে দ্বিতীয় বলে তাঁর দেওয়া ক্যাচ ডাওদ ফেলে না দিলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। আশরফ শেষ পর্যন্ত ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২টি চার এবং ৩টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন শাহিন (৯ বলে অপরাজিত ৫)।
নেদারল্যান্ডসের সফলতম বোলার পল ভ্যান মিকিরিন ২০ রানে ২ উইকেট নিয়েছেন। ৩৩ রানে ২ উইকেট আরিয়ান দত্তের। ১টি করে উইকেট পেয়েছেন বিক, কাইল ক্লেইন, রোলফ ভ্যান ডার মেরউই।