ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে পিচের উপর বসে পড়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন সঞ্জু স্যামসন। এ বার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার।
সমাজমাধ্যমে নিজের স্টোরিতে সঞ্জু লিখেছেন, ‘‘সকলের কাছে পৌঁছোতে চাইছি। যাঁরা আমায় ভালবাসা দিয়েছেন, সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার জন্য প্রার্থনা করুন। যে ভাবে আপনাদের ভালবাসা পাচ্ছি, সেটা আমার কাছে অনেক কিছু। আমি শুধু সকলকে একটাই কথা বলতে চাই— ধন্যবাদ। ভারতীয় দলকে আর দু’পা এগোতে হবে।’’ লেখার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন সঞ্জু। বোঝাই যাচ্ছে, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য ফুটছেন সঞ্জু।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে রান পাননি সঞ্জু। তাঁকে বিশ্বকাপের প্রথম একাদশ থেকে বাদ দেন গৌতম গম্ভীর। বিশ্বকাপে অভিষেক শর্মার ব্যর্থতা এবং রিঙ্কু সিংহের বাবা মারা যাওয়ায় কিছুটা বাধ্য হয়েই সঞ্জুকে আবার প্রথম একাদশে ফেরান ভারতীয় দলের কোচ। সুপার এইটে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। ১৫ বলে ২৪ রান করে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের চোখে তিনি নায়ক।