Advertisement
E-Paper

দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ মন্ধানা, জেমাইমারা পিছিয়ে গেলেন আইসিসির ক্রমতালিকায়, হেরেও এগোলেন দুই ভারতীয়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দু’টিতেই হেরেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কৌরের দলের অধিকাংশ ক্রিকেটারই প্রত্যাশমতো পারফর্ম করতে পারেননি। তার প্রভাব পড়েছে ক্রমতালিকায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৯:৪২
picture of cricket

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় নেমে গেলেন স্মৃতি মন্ধানা। নামলেন জেমাইমা রদ্রিগেজ়ও। এগিয়েছেন হরমনপ্রীত কৌর এবং শেফালি বর্মা।

আইসিসির ক্রমতালিকায় এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছেন মন্ধানা। তাঁর রেটিং ৭৬২। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক করেছেন যথাক্রমে ১৩ এবং ১২ রান। তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল (৮১৫), অস্ট্রেলিয়ার বেথ মুনি (৭৮৮) এবং ওয়েস্ট ইন্ডিজ়ের হেইলি ম্যাথিউস (৭৬৭)। ম্যাথিউস এক ধাপ উঠে এসেছেন। মন্ধানার মতো ক্রমতালিকায় নেমে গিয়েছেন জেমাইমাও। চার ধাপ নেমে তিনি এখন ১৪তম স্থানে। তাঁর রেটিং ৬৩৭। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি ম্যাচে তিনি করেছেন যথাক্রমে ৩৬ এবং ২ রান।

মন্ধানা, জেমাইমা নামলেও আইসিসির টি-টোয়েন্টি মহিলা ব্যাটারদের ক্রমতালিকায় এগিয়েছেন শেফালি। ভারতীয় ওপেনার দু’ধাপ এগিয়ে রয়েছেন ছয় নম্বরে। তাঁর রেটিং ৭৩১। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দু’ম্যাচে তাঁর রান ৩৪ এবং ৫৭। দু’ধাপ উঠে ১১ নম্বরে হরমনপ্রীত। ভারত অধিনায়কের রেটিং ৬৩৯। শেষ দু’ম্যাচে তিনি করেছেন অপরাজিত ৪৭ এবং ১২ রান।

Advertisement

ভারতীয় দলের বোলারেরাও ক্রমতালিকায় পিছিয়ে গিয়েছেন। দু’ধাপ নেমে দীপ্তি শর্মা এখন পাঁচ নম্বরে। তাঁর রেটিং ৭০৫। চার ধাপ পিছিয়ে নবম স্থানে রেণুকা সিংহ ঠাকুর। তিন ধাপ পিছিয়ে অরুন্ধতী রেড্ডি ১২ নম্বরে রয়েছেন। দু’ধাপ পিছিয়ে রাধা যাদব এখন ২০ নম্বরে।

ICC Ranking Smriti Mandhana Jemimah Rodrigues Harmanpreet Kaur Shafali Verma T20 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy