Advertisement
E-Paper

রোহিতরা বাঁচাতে পারবেন বাবরদের? দু’ম্যাচ হেরেও কোন অঙ্কে শেষ চারে যেতে পারে পাকিস্তান?

পর পর দু’টি ম্যাচে হারার পর স্বাভাবিক ভাবেই পাকিস্তানের সামনে শেষ চারে ওঠার লড়াই কঠিন। এখনও তাদের সামনে সুযোগ রয়েছে সেমি ফাইনালে ওঠার। কোন অঙ্কে শেষ চারে যেতে পারেন বাবররা?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১১:২১
কোনও অঙ্কই মিলছে না পাকিস্তান অধিনায়ক বাবর আজ়মের।

কোনও অঙ্কই মিলছে না পাকিস্তান অধিনায়ক বাবর আজ়মের। ছবি: গেটি ইমেজেস

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার জিম্বাবোয়ের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। তার আগে প্রথম ম্যাচে বাবর আজ়মের পাকিস্তান হেরেছে ভারতের কাছে। দু’টি ম্যাচেই শেষ বলে হারতে হয়েছে তাদের। পর পর দু’টি ম্যাচে হারার পর স্বাভাবিক ভাবেই পাকিস্তানের সামনে শেষ চারে ওঠার লড়াই কঠিন। এখনও তাদের সামনে সুযোগ রয়েছে সেমি ফাইনালে ওঠার। নিজেদের সব ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। বাবরদের শেষ চারে যাওয়ার জন্য কী কী অঙ্ক রয়েছে, বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন।

এক, পাকিস্তানের খেলা বাকি নেদারল্যান্ডস (৩০ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (৩ নভেম্বর) এবং বাংলাদেশের (৬ নভেম্বর) বিরুদ্ধে। তিনটি ম্যাচেই জিততে হবে বাবরদের। শুধু তাই নয়, তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।

দুই, গ্রুপের বাকি দলগুলির মধ্যে অন্তত তিনটি দলকে দু’টি করে ম্যাচে হারতে হবে।

এখন গ্রুপ ২-এর অবস্থা।

এখন গ্রুপ ২-এর অবস্থা। গ্রাফিক: শৌভিক দেবনাথ

তিন, শেষ চারে যাওয়ার ক্ষেত্রে গ্রুপে পাকিস্তানের সব থেকে বড় বাধা দক্ষিণ আফ্রিকা। এ ক্ষেত্রে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। পাকিস্তানকে শেষ চারে যেতে হলে রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারতেই হবে ভারতের কাছে। এর পর পাকিস্তান যদি নিজেদের সব ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৬। দক্ষিণ আফ্রিকা শেষ করবে ৫ পয়েন্টে। তখন টেম্বা বাভুমাদের সরিয়ে বাবররা সেমি ফাইনালে চলে যাবেন।

চার, এই গ্রুপে জিম্বাবোয়েরও সুযোগ আছে শেষ চারে যাওয়ার। তাদের বাকি তিনটি ম্যাচ বাংলাদেশ (৩০ অক্টোবর), নেদারল্যান্ডস (২ নভেম্বর) এবং ভারতের (৬ নভেম্বর) বিরুদ্ধে। জিম্বাবোয়ে এর মধ্যে দু’টি ম্যাচ হারলে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে যাবে।

পাঁচ, বাংলাদেশের খেলা বাকি জিম্বাবোয়ে (৩০ অক্টোবর), ভারত (২ নভেম্বর) এবং পাকিস্তানের (৬ নভেম্বর) বিরুদ্ধে। বাংলাদেশ যদি ভারত এবং পাকিস্তানের কাছে হেরে যায় এবং জিম্বাবোয়েকে হারায়, তা হলেও পাকিস্তান এগিয়ে থাকবে।

ছয়, নেদারল্যান্ডসের অবস্থাও ঠিক পাকিস্তানের মতো। ৩০ অক্টোবর এই দুই দেশ মুখোমুখি। যারা হারবে, তারাই ছিটকে যাবে এ বারের বিশ্বকাপ থেকে।

Pakistan Cricket ICC T20 World Cup T20 World Cup 2022 Babar Azam semifinal Group
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy