Advertisement
E-Paper

নেদারল্যান্ডসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে কেন উদ্বেগে শ্রীলঙ্কা শিবির?

নামিবিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের হারকে গুরুত্ব দিতে নারাজ শ্রীলঙ্কার অধিনায়ক। মূলপর্বে যাওয়ার জন্য শনাকা ভরসা রাখছেন সতীর্থদের উপরই। নিজেদের বাড়তি চাপে ফেলতে চান না শনাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৮:১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শনাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শনাকা। ছবি: টুইটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে শ্রীলঙ্কার খেলা এখনও অনিশ্চিত। যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না। দাসুন শনাকাদের তাকিয়ে থাকতে হবে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের ফলের দিকেও। একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট উদ্বেগে রেখেছে শ্রীলঙ্কাকে।

এশিয়া কাপ চ্যাম্পিয়নদের এই পরিস্থিতির জন্য দায়ী শনাকারাই। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে বড় ব্যবধানে হারই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। শ্রীলঙ্কার অধিনায়ক তবু বাড়তি চাপ নিতে রাজি নন। শনাকার সাফ কথা, জয় ছাড়া যখন উপায় নেই, তখন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তাঁরা। কী হলে কী হবে, সে সব ভেবে নিজেদের বাড়তি চাপে ফেলতে চান না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার জন্য শনাকার ভরসা তাঁর সতীর্থরাই। পাথুম নিশঙ্ক, ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানাদের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

শ্রীলঙ্কা শিবিরের উদ্বেগ চোট-আঘাত। জোরে বোলার দুষ্মন্ত চামিরার পায়ের চোট চিন্তায় রেখেছে। তাঁর স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না। শ্রীলঙ্কা শিবিরকে চিন্তায় রেখেছে দানুষ্কা গুণতিলক এবং প্রমোদ মদুশনের হ্যামস্ট্রিংয়ের চোটও।

শনাকা বলেছেন, ‘‘এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া এখন ইতিহাস। ওটা এখন আমাদের কাছে একটা খেতাব মাত্র। আমরা কোনও চাপে নেই। শুধু নিজেদের পারফরম্যান্সের উপর মনঃসংযোগ করতে চাইছি। আমাদের যেটা করতে হবে, সেটা যাতে ঠিক মতো করতে পারি সেটুকুই নিশ্চিত করতে চাইছি। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে চাই।’’

নামিবিয়ার কাছে প্রথম ম্যাচে পরাজয় নিয়ে ভেবে সময় নষ্ট করতে চায় না শ্রীলঙ্কা শিবির। শনাকা বলেছেন, ‘‘আমাদের শক্তি কী জানি। প্রথম ম্যাচে আমরা ঠিক মতো খেলতে পারিনি। সে জন্যই নামিবিয়ার কাছে হারতে হয়েছে। তবু ওদের থেকে দল হিসাবে আমরা অনেক এগিয়ে।’’ নেদারল্যান্ডসকেও বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না শ্রীলঙ্কার অধিনায়ক। শনাকার সহজ কথা, ‘‘রান করতে হবে। ভানুকা রাজাপক্ষে শুরুটা ভাল করলে আমাদের সুবিধা হতে পারে।’’

T20 World Cup 2022 Sri Lanka Dasun Shanaka Asia Cup 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy