Advertisement
E-Paper

দ্রাবিড়-কুম্বলের নামে চিন্নাস্বামীতে স্ট্যান্ড, দুই সতীর্থকে সম্মানিত করলেন প্রসাদ, স্বীকৃতি রঙ্গস্বামীর অবদানকেও

তিন প্রাক্তন ক্রিকেটারকে একসঙ্গে সম্মানিত করল কর্নাটক ক্রিকেট সংস্থা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ৫০ বছর উপলক্ষ্যে তিনটি স্ট্যান্ডের নামকরণ হল রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং শান্তা রঙ্গস্বামীর নামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬
picture of cricket

(বাঁ দিকে) রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলে (ডান দিকে)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানে। ছবি: পিটিআই।

প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলেকে সম্মানিত করল কর্নাটক ক্রিকেট সংস্থা (কেএসসিএ)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের দু’টি স্ট্যান্ডের নামকরণ করা হল ভারতীয় দলের প্রাক্তন দুই অধিনায়ক ও কোচের নামে। একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামীর নামে। নিজেদের রাজ্য সংস্থার দেওয়া সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্রাবিড় এবং কুম্বলে।

কেএসসিএ সভাপতি বেঙ্কটেশ প্রসাদ উদ্যোগী হন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের একটি স্ট্যান্ড দ্রাবিড় এবং কুম্বলের নামে করতে। সেই মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই নামকরণের কাজ সম্পূর্ণ হল। শুক্রবার নিজেদের নামের স্ট্যান্ড দু’টি উদ্বোধন করেন দ্রাবিড় এবং কুম্বলে নিজেই। উল্লেখ্য, এ বছর ৫০ বছর পূর্ণ হল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামের।

দ্রাবিড় এবং কুম্বলের সঙ্গে ভারতীয় দলে দীর্ঘ দিন খেলেছেন প্রসাদ। তিনি কেএসসিএ সভাপতি হওয়ার পর দুই সতীর্থকে সম্মানিত করার সিদ্ধান্ত নেন। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই কেএসসিএ সভাপতির উদ্যোগ। শুক্রবারের অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, ‘‘এই মাঠটা আমার দ্বিতীয় বাড়ি। বাড়িতে যত সময় কাটিয়েছি, তার চেয়ে অনেক বেশি সময় সম্ভবত এই মাঠে কাটিয়েছি। এটা সেই জায়গা, যেটা আমাকে বহু আনন্দ দিয়েছে। আবার কষ্ট, হতাশাও দিয়েছে। তবে এই মাঠটাই আমায় সব কিছু দিয়েছে। এই মাঠই আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। এমন একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য কেএসসিএ-কে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। কারণ এই মাঠই তো আমার জীবন।’’

নিজের রাজ্য সংস্থার দেওয়া সম্মানে খুশি কুম্বলেও। প্রাক্তন লেগ স্পিনার বলেছেন, ‘‘আমাদের সকলের অবদান মিলিয়ে যেমন কেএসসিএ গড়ে উঠেছে, তেমন কেএসসিএও আমাদের গড়ে তুলেছে। কার নাম কোন স্ট্যান্ডে বা স্টেডিয়ামের কোথায় লেখা রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। অবদান স্বীকৃতি পাওয়াটাই আসল। স্টেডিয়ামে স্থায়ী ভাবে নাম লেখা হয়েছে। দ্রাবিড় এবং রঙ্গস্বামীর মতো দু’জন প্রাক্তনের সঙ্গে একই ভাবে সম্মানিত হতে পেরে বেশি ভাল লাগছে। কর্নাটক এবং ভারতের ক্রিকেটে ওদের বিশাল অবদান রয়েছে।’’ উল্লেখ্য, রঙ্গস্বামী ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টেস্টে শতরান করেন।

দ্রাবিড় এবং কুম্বলের নামে স্ট্যান্ড হওয়ায় প্রসাদের প্রশংসা করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সমাজমাধ্যমে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ‘‘দ্রাবিড় এবং কুম্বলের নামে স্ট্যান্ড। দারুণ কাজ করেছ প্রসাদ। ওদের মতো যোগ্য কেউ নেই কর্নাটক এবং ভারতীয় ক্রিকেটে। আশা করব, গুন্ডাপ্পা বিশ্বনাথের নামেও স্ট্যান্ড হবে।’’

কর্নাটক সরকার কয়েক দিন আগেই ছাড়পত্র দিয়েছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ঘরের ম্যাচ খেলতে পারবে এই স্টেডিয়ামে। গত বছর বিরাট কোহলিরা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় উৎসবে দুর্ঘটনা ঘটেছিল। অতিরিক্ত ভিড়ের জন্য পদপিষ্টের ঘটনা ঘটে।

Rahul Dravid Anil Kumble Venkatesh Prasad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy