Advertisement
E-Paper

অবশেষে প্রকাশ্যে এল লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্সের নিজস্ব মাঠ, দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের নিজস্ব মাঠ প্রকাশ্যে এল। বুধবার সেখানে নাইট রাইডার্সের ম্যাচও হয়েছে। নিজেদের স্টেডিয়াম হওয়ায় উচ্ছ্বসিত মালিক শাহরুখ খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২০:৫২
cricket

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মাঠ। ছবি: সমাজমাধ্যম।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের নিজস্ব মাঠ প্রকাশ্যে এল বৃহস্পতিবার। সংস্থার তরফে প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বুধবার রাতে সেখানে নাইট রাইডার্সের ম্যাচও হয়েছে। যদিও নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে তারা। নিজেদের স্টেডিয়াম হওয়ায় উচ্ছ্বসিত মালিক শাহরুখ খান।

লস অ্যাঞ্জেলেসের পোমোনায় এই মাঠটি তৈরি হয়েছে। আসন্ন অলিম্পিক্সে এই মাঠেই ক্রিকেট ম্যাচগুলির আয়োজন করা হবে। মেজর লিগ ক্রিকেটে বুধবার লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে। ম্যাচটি আট উইকেটে হেরেছে তারা।

আমেরিকায় যে ক’টি ক্রিকেটভিত্তিক মাঠ রয়েছে তার অন্যতম এই স্টেডিয়াম। অতীতে বিশ্বকাপের খেলা হয়েছে নিউ ইয়র্কের একটি মাঠে। তবে সেটি ক্রিকেটের জন্য তৈরি হয়নি। বিশ্বকাপের জন্য সাময়িক ভাবে তৈরি করা অস্থায়ী স্টেডিয়াম ছিল। কিন্তু লস অ্যাঞ্জেলেসের এই মাঠে বছরভর ক্রিকেট খেলাই হবে।

নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ সমাজমাধ্যমে লিখেছেন, “যা একটা স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল তা-ই আজ বাস্তবে পরিণত হয়েছে। খেলা দেখার নিরিখে ক্রিকেট দ্বিতীয় স্থানে রয়েছে গোটা বিশ্বে। সেটাকেই লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা একটা মাইলফলকের মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্স যৌথ ভাবে ক্রিকেট মাঠের থেকেও ভাল কিছু তৈরি করার চেষ্টা করছে। শুধু খেলাধুলো নয়, বিনোদন, এমনকি পরিবারের জন্যও আনন্দের একটা জায়গা। এই স্মৃতি সারাজীবন আপনাদের সঙ্গে থেকে যাবে।”

আইসিসি-ও নতুন স্টেডিয়ামের প্রশংসা করেছে। তারা লিখেছে, “মেজর লিগ ক্রিকেটে অবশেষে নাইট রাইডার্সের নতুন স্টেডিয়াম হল। অসাধারণ দেখতে লাগছে স্টেডিয়ামটা, তাই না?” আইসিসি-র নিয়ম মেনেই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। আটটি পিচ রয়েছে মাঠের মাঝে। ছ’টি ফ্লাডলাইট রয়েছে। মাঠ থেকে সেগুলি ১২০ ফুট উঁচুতে।

Los Angeles Knight Riders Shah Rukh Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy