Advertisement
E-Paper

ইডেনে হেরে বিশ্বকাপ থেকে ছুটি, তবু দেশে ফেরা হল না ওয়েস্ট ইন্ডিজ় দলের, যুদ্ধের জন‍্য এখন কলকাতাতেই থেকে যেতে হচ্ছে দলকে

সোমবার এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে বিমানের সূচিতেও পরিবর্তন হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০১:০৪
এখনই দেশে ফেরা হচ্ছে না ক্যারিবিয়ানদের।

এখনই দেশে ফেরা হচ্ছে না ক্যারিবিয়ানদের। ছবি: রয়টার্স।

রবিবার ভারতের কাছে হেরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তবে এখনই দেশে ফেরা হচ্ছে না ক্যারিবিয়ানদের। আমেরিকা-ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে বেশিরভাগ দেশেই আকাশসীমা বন্ধ। ফলে সেই অঞ্চল দিয়ে কোনও বিমান চলাচল করছে না। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের দেশে ফিরতে কিছু দিন দেরি হবে। আপাতত কলকাতাতেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল।

সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে বিমানের সূচিতেও পরিবর্তন হয়েছে। আইসিসি-র সঙ্গে নিয়মিত আলোচনা করছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারেরা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। যে মুহূর্তে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে, তখনই তা জানিয়ে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে।

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের দেশের ক্রিকেটারেরা এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন নিরাপদে এবং সুরক্ষিত অবস্থায়। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। নির্ধারিত সময়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে। ক্রিকেটারদের পরিবার সমর্থক এবং আত্মীয়-স্বজনদেরও আশ্বস্ত করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, সোমবার দেশে ফেরার কথা ছিল জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের। কিন্তু আপাতত দিল্লির হোটেলেই আটকে রয়েছেন তাঁরা। বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়েছে জ়িম্বাবোয়ে। কিন্তু তার পরেও দেশে ফিরতে পারছেন না সিকন্দর রাজ়ারা।

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ খেলেছে জ়িম্বাবোয়ে। সেই ম্যাচ হেরেছে তারা। সুপার এইটের তিনটি ম্যাচই হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে তারা। সোমবার দু’টি ব্যাচে দেশে ফেরার কথা ছিল জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের। প্রথম ব্যাচের ক্রিকেটারদের বিমান ধরার কথা ছিল ভোর সাড়ে ৪টেয়। পরের ব্যাচ বিমান ধরত সন্ধ্যায়।

দিল্লি থেকে প্রথমে দুবাই ও তার পরে সেখান থেকে হারারেতে ফেরার কথা ছিল সিকন্দরদের। কিন্তু যুদ্ধের কারণে দুবাইয়ের বিমানবন্দর বন্ধ রয়েছে। আপাতত ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলে জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের ঘর ভাড়া করা রয়েছে। তার পর কী হবে তা নিয়েই চিন্তায় ক্রিকেটারেরা। যদিও আয়োজকেরা জানিয়েছে, বিকল্প পথে ক্রিকেটারদের দেশে ফেরানো যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।

এর মাঝেই একটি বিবৃতি দিয়েছে আইসিসি। বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা লিখেছে, “মধ্যপ্রাচ্যে যে সমস্যা শুরু হয়েছে তার সঙ্গে বিশ্বকাপের কোনও সম্পর্ক নেই। কিন্তু বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কিছু দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ফেরার ক্ষেত্রে দুবাই বিমানবন্দর খুব গুরুত্বপূর্ণ, সেই খবর আইসিসি জানে। তাই সেই সব দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দেশে ফেরানোর সব রকম বন্দোবস্ত আইসিসি করবে।” জয় শাহের সংস্থা বিবৃতিতে আরও লিখেছে, “ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আলোচনা চলছে। আইসিসির সুরক্ষা দল সবদিকে নজর রাখছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একটি আলাদা দল তৈরি করা হয়েছে। তারা পুরো বিষয়টি দেখছে।”

ICC T20 World Cup 2026 West Indies flight disruption
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy