Advertisement
E-Paper

ফেড কাপে তৈরি হওয়ার মহড়া

কোচের পদত্যাগ, নতুন কোচের মাঠে পড়ে গিয়ে আহত হয়ে বাড়ি চলে যাওয়া, টিমের হাল ফেরাতে সহকারী কোচের সঙ্গে পরামর্শদাতা কমিটির সদস্যদের আদা-জল খেয়ে মাঠে নেমে পড়া— গত এক সপ্তাহে ইস্টবেঙ্গলে ঘটে গিয়েছে একের পর এক নানা চমকপ্রদ ঘটনা।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৫
মহড়া: ইস্টবেঙ্গল রক্ষণে বুকেনিয়াদের বিশেষ অনুশীলন। নিজস্ব চিত্র

মহড়া: ইস্টবেঙ্গল রক্ষণে বুকেনিয়াদের বিশেষ অনুশীলন। নিজস্ব চিত্র

কোচের পদত্যাগ, নতুন কোচের মাঠে পড়ে গিয়ে আহত হয়ে বাড়ি চলে যাওয়া, টিমের হাল ফেরাতে সহকারী কোচের সঙ্গে পরামর্শদাতা কমিটির সদস্যদের আদা-জল খেয়ে মাঠে নেমে পড়া— গত এক সপ্তাহে ইস্টবেঙ্গলে ঘটে গিয়েছে একের পর এক নানা চমকপ্রদ ঘটনা।

এই ডামাডোলের পরিস্থিতিতেই রবিবার ফের আই লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মিনার্ভা পঞ্জাব এফসি। ষোলো ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল তৃতীয় স্থানে আর পঞ্জাবের মিনার্ভা এফসি সমসংখ্যক ম্যাচের পর ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে আপাতত নবম।

দু’দলেরই শেষ চার ম্যাচে কোনও জয় নেই। রবিবারের ম্যাচে কোনও গুরুত্ব না থাকলেও সেখান থেকেই মোটিভেশন খুঁজছেন দু’দলের ফুটবলাররা। আর সেই মোটিভেশন হল ফেডারেশন কাপ।

লাল-হলুদ শিবিরের অন্যতম সিনিয়র ফুটবলার অর্ণব মণ্ডল বলছেন, ‘‘আমাদের লক্ষ্য ফেডারেশন কাপের আগে টিমের হারিয়ে যাওয়া ছন্দটা ফিরিয়ে আনা। তাই মিনার্ভা ম্যাচ-কে ফেডারেশন কাপের প্রস্তুতি হিসেবেই দেখছি।’’

মিনার্ভা কোচ সুরিন্দর সিংহও সকালে ইস্টবেঙ্গল তাঁবুতে বলে গেলেন, ‘‘ইস্টবেঙ্গল আর তার পরের ম্যাচটা যদি জিতে যাই তা হলে আই লিগের অষ্টম দল হিসেবে ফেডারেশন কাপে খেলার সুযোগ পাব। টিমের কাছে এটাই মোটিভেশন।’’

লাল-হলুদে সুদিন ফেরাতে গত তিন দিনে রক্ষণের ভিডিও বিশ্লেষণ থেকে শুরু করে বুকেনিয়াদের ভুলত্রুটি শোধরানো—সবই হয়েছে জোর কদমে। এ দিনও ফের তা এক বার ঝালিয়ে নিলেন ইস্টবেঙ্গল সহকারী কোচ রঞ্জন চৌধুরী। মাঠের মধ্যে দাঁড়িয়ে তা এক মনে দেখছিলেন ইস্টবেঙ্গলের পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য মনোরঞ্জন ভট্টাচার্য। যার হাতেই এই ইস্টবেঙ্গলের অসুখ সারানোর গুরুদায়িত্ব। রঞ্জন বলছেন, ‘‘অতীত নিয়ে কোনও কথা নেই। একটা জয় এই দলের ছন্দটা ফিরিয়ে আনতে পারে। সেই জয়ের জন্যই রবিবার বারাসতে ঝাঁপাব আমরা।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy