২২ বছরের খরা কাটিয়ে বৃহস্পতিবার আইএসএল জিতেছে ইস্টবেঙ্গল। সে দিনই রাতে ট্রফি খরা কাটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। আল নাসেরের হয়ে প্রথম বার ঘরোয়া লিগ জিতলেন তিনি। বৃহস্পতিবারের ম্যাচে দামাককে ৪-১ হারিয়েছে আল নাসের। রোনাল্ডো জোড়া গোল করেছেন।
২০১৯-এর পর এই প্রথম লিগ জিতল আল নাসের। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল আল নাসেরের। প্রথমার্ধে ২-০ এগিয়েছিল তারা। সাদিয়ো মানে এবং কিংসলে কোমান গোল করেন। তবে মোরলায়ে সিলার গোলে দামাক ম্যাচে ফিরে আসে। এর পরে চিরপরিচিত ফ্রিকিকের সাহায্যে আল নাসেরের ব্যবধান বাড়ান রোনাল্ডো। দ্বিতীয় গোল করে আল নাসেরের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ দিকে তাঁকে কোচ তুলে নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
ম্যাচের পর রোনাল্ডো ট্রফি নিয়ে ছবি পোস্ট করে লেখেন, “এই ট্রফি আমাদের খুব কাছের।” আরবীয় ভাষায় ‘ইয়াল্লা নাসের’ কথাটিও লেখেন রোনাল্ডো, যাঁর অর্থ ‘এগিয়ে চলো নাসের’।
আরও পড়ুন:
সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ফাইনালে ওসাকার কাছে হেরে গিয়েছিল আল নাসের। ম্যাচের পর রোনাল্ডো বিধ্বস্ত হয়ে পড়েন। কারণ ক্লাবের হয়ে ১৪টি ট্রফি জেতার সম্ভাবনা থাকলেও একটিও জিততে পারেননি। অবশেষে তাঁর হাতে ট্রফি উঠল।