Advertisement
E-Paper

‘রোনাল্ডোকে আমরা ভয় পাইনি’, বললেন কঙ্গোর ফুটবলার, সমালোচনার পরেও ক্রিশ্চিয়ানোর পাশে পর্তুগাল কোচ মার্তিনেজ়

কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ম্যাচের পর কঙ্গোর ফুটবলার এনগালায়েল মুকাউ বলে দিলেন, তাঁরা মোটেই রোনাল্ডোকে ভয় পাননি। তবে কোচ রবার্তো মার্তিনেজ় পাশে দাঁড়িয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:৩৬
sports

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ ড্র করেছে পর্তুগাল। সেই ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অপেক্ষাকৃত দুর্বল দেশের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। ম্যাচের পর কঙ্গোর ফুটবলার এনগালায়েল মুকাউ বলে দিলেন, তাঁরা মোটেই রোনাল্ডোকে ভয় পাননি। ফ্রান্সের প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরির মতে, রোনাল্ডোর স্বার্থপরতার জন্যই ডুবেছে পর্তুগাল। তবে কোচ রবার্তো মার্তিনেজ় পাশে দাঁড়িয়েছেন।

ম্যাচের পর মুকাউ জানান, রোনাল্ডোর জন্য কোনও আলাদা পরিকল্পনা করেননি তাঁরা। মুকাউয়ের কথায়, “রোনাল্ডোর জন্য কোনও পরিকল্পনা ছিল না। আমরা জানতাম রোনাল্ডো আর আগের মতো নেই। এখন ওর বয়স হয়ে গিয়েছে। তবু এখনও বিশ্বের সেরাদের একজন। ওর প্রতি সমীহ রেখেই বলছি, রোনাল্ডোর বয়স হয়ে গিয়েছে।”

মুকাউয়ের সংযোজন, “বয়স হয়ে গেলে আগের মতো খেলা যায় না। আগের মতো প্রয়াসও দেখানো সম্ভব নয়। তবে রোনাল্ডোর প্রতি সমীহ আগের মতোই রয়েছে।”

অঁরি অবশ্য এতটা সম্মান দেখাননি। তিনি কঠোর ভাষায় বলেছেন, “একটা বিষয় রোনাল্ডোকে বুঝতে হবে। দলকে গোল করতে হবে। রোনাল্ডোকে গোল না করলেও চলবে। কিন্তু রোনাল্ডো তো নিজেই গোল করতে চায়। ব্যাক পাসের সময় সামনে চলে আসে। ফলে রোনাল্ডোকে আটকানো সহজ হয়ে যায়। দলকে প্রাধান্য দিক রোনাল্ডো।”

মার্তিনে‌জ় একহাত নিয়েছেন রোনাল্ডোর সমালোচকদের। বলেছেন, “বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলদাতাকে এমন একটা ম্যাচে তুলে নেব যেখানে আমাদের গোল দরকার! এটা হয় নাকি?” তিনি সাফ জানিয়েছেন, রোনাল্ডোকে তুলে নেওয়ার কথা কখনও ভাবা হয়নি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Cristiano Ronaldo Portugal Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy