ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল শুরু করল ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নায়ক স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারি। অস্কার ব্রুজ়োর দলের হয়ে তৃতীয় গোলটি করেন মিগুয়েল ফেরেরা।
এই প্রথম জয় দিয়ে আইএসএল শুরু করল ইস্টবেঙ্গল। প্রতিযোগিতা শুরুর আগে ব্রুজ়ো বলেছিলেন, এ বার ভাল কিছুর আশা করছেন। ঘরের মাঠে প্রথম ম্যাচেই দেখা গেল তাঁর দল তৈরি। যদিও প্রথমার্ধে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। আগ্রাসী ফুটবল খেলেও সাফল্য আসেনি। তার জন্য দায়ী অবশ্য লাল-হলুদের আক্রমণ ভাগই। একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করেন ফুটবলারেরা। ৩৬ মিনিটে মহম্মদ রশিদের শট বারে লাগে। ৩৯ মিনিটে বিপিন সিংহের কাছ থেকে বল পেয়ে ফাঁকা গোলে ঠেলতে পারেননি নন্দকুমার।
আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যে ডুরান্ডের শক্তিশালী দল ধরে রাখতে পারেনি নর্থইস্ট। সোমবার যুবভারতীতে সেই সুযোগ কাজে লাগিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। সল ক্রেসপো এবং মিগুয়েল সমানে আক্রমণ তৈরি করলেও গোল হয়নি। প্রথম ১৫ মিনিট প্রতিপক্ষকে দেখে নেওয়ার পর খেলার গতি বাড়ায় ইস্টবেঙ্গল। মাঝ মাঠের দখল নিয়ে নেন লাল-হলুদ ফুটবলারেরা। খেলা হতে থাকে মূলত নর্থইস্টের অর্ধেই। তবু গোলের জন্য ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল ইস্টবেঙ্গলকে। বিপিন সিংহের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এজ়েজ্জারি। ৭০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা এডমুন্ডের কাছ থেকে বক্সের মধ্যে বল পান এজ়েজ্জারি। এ বারও গোল করতে ভুল করেননি স্প্যানিশ ফুটবলার। ম্যাচের শেষ দিকে বাঁ পায়ের শটে দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন মিগুয়েল।
আরও পড়ুন:
সোমাবার যুবভারতীতে উপস্থিত ছিলেন প্রায় ১৯ হাজার ইস্টবেঙ্গল সমর্থক। আইএসএলের প্রথম ম্যাচেই তাঁদের দাপুটে জয় উপহার দিল ব্রুজ়োর দল।