Advertisement
E-Paper

ইরানের আর্জি খারিজ ফিফার, ফুটবল বিশ্বকাপের সূচি বদল নয়, খেলতে হবে আমেরিকাতেই

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের চারটি ম্যাচই রয়েছে আমেরিকায়। জাতীয় দলের নিরাপত্তার স্বার্থে মেক্সিকো বা কানাডায় ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিল ইরান। সেই আর্জি খারিজ করল ফিফা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২২:২১
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

ইরানের আর্জি খারিজ করে দিল ফিফা। বিশ্বকাপ খেলতে হলে শত্রু আমেরিকার মাটিতেই খেলতে হবে। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ সামরিক অভিযান এবং ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন হুঁশিয়ারির প্রতিবাদে আমেরিকা থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করেছিল ইরান।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের চারটি ম্যাচই রয়েছে আমেরিকায়। সূচি অনুযায়ী ইরানের ম্যাচগুলি রয়েছে লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে। জাতীয় দলের নিরাপত্তার স্বার্থে মেক্সিকো বা কানাডায় ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিল ইরান। সেই আর্জি খারিজ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘‘বিশ্বকাপের ম্যাচগুলি সূচি অনুযায়ী নির্ধারিত স্থানেই হবে। সূচি পরিবর্তন সম্ভব নয়।’’

কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’’ এর জবাবে ইরানের ফুটবল দলের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের সুবাদে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। সে কারণে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। ইচ্ছা হলেই কেউ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’’

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ফুটবল দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। তিনি ঘুরিয়ে ইরানের ফুটবল দলকে আমেরিকায় যেতে বারণ করেছেন। বিষয়টা উদ্বেগের। আমরা ফিফার সঙ্গে কথা বলছি। আমাদের ম্যাচগুলো আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।’’

শেষ পর্যন্ত ইরানের আবেদন গ্রাহ্য করল না ফিফা। কয়েক দিন আগে ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনও শত্রু দেশে কোনও ধরনের প্রতিযোগিতাতেই ইরানের খেলোয়াড়দের পাঠানো হবে না। ফিফা সূচি বদল করতে রাজি না হওয়ায় ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।

FIFA World Cup 2026 US Iran Conflict Gianni Infantino Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy