Advertisement
E-Paper

ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যে কড়া শাস্তি! ভিনিসিয়াস-বিতর্কে নতুন আইনের ভাবনা ফিফার

ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। নতুন আইন নিয়ে আসার ভাবনা তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৮
football

ভিনিসিয়াস জুনিয়র। ছবি: রয়টার্স।

ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ঘিরে আবার উত্তাল বিশ্বফুটবল। এই পরিস্থিতিতে ফিফা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। নতুন আইন নিয়ে আসার ভাবনা তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিয়াসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ‘স্কাই স্পোর্টস নিউজ়’ জানিয়েছে, ফিফা আধিকারিকেরা নতুন ভাবনা চিন্তা করছেন। তাঁরা একটি আইন আনতে চান। তাকে ‘প্রেসতিয়ান্নি আইন’ বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ, ভিনিসিয়াসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় জার্সি টেনে মুখ ঢেকে ফেলেছিলেন প্রেসতিয়ান্নি। ফুটবল মাঠে একে অপরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকার অভ্যাস ফুটবলারদের রয়েছে। তাঁরা ঠিক কী বলছেন, সেটা যাতে ক্যামেরায় ধরা না পড়ে তার জন্যই এই কাজ করেন ফুটবলারেরা। কিন্তু তার পরেও যাতে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে শাস্তি দেওয়া যায়, তার জন্য এই নতুন আইন নিয়ে আসার ভাবনা চলছে।

জানা গিয়েছে, বিষয়টি ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’ আলোচনা করবে। ফুটবলে নিয়ম বদলের ক্ষেত্রে বা নতুন নিয়ম আনার ক্ষেত্রে এই কমিটি ফিফাকে পরামর্শ দেয়। সেখানে এই বিষয়ে আলোচনা হবে যে মুখ ঢেকে প্রতিপক্ষ ফুটবলারকে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে বা অশালীন কথা বললে তাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে কি না। তবে যত দূর খবর, এই কমিটি কড়া আইন নিয়ে আসার পক্ষে।

ইতিমধ্যেই ভিনিসিয়াস-বিতর্কে উয়েফার কাছে একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। যা ঘটেছে তার নিন্দা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, “ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় আমি দুঃখিত। আমাদের খেলা ও সমাজে বর্ণবিদ্বেষের স্থান নেই। আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে।” তার পরেই এই নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

fifa Vinicius Junior
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy