Advertisement
E-Paper

জট কাটছে? ভারতে টেলিভিশনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল, আগামী সপ্তাহেই ঘোষণা, দাবি ফেডারেশনের প্রাক্তন কর্তার

ভারতে ফুটবল বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। ফিফার দাবি অনুযায়ী সম্প্রচারস্বত্ব দিতে রাজি হয়নি ভারতের কোনও টেলিভিশন সংস্থা। পিছিয়ে গিয়েছে দূরদর্শনও। এর মধ্যেই নতুন আশার আলো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:১৪
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

ভারতে ফুটবল বিশ্বকাপের খেলা সম্প্রচার নিয়ে জট সম্ভবত কাটতে চলেছে। এমনই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রাক্তন এক কর্তা। প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই সব পরিষ্কার হয়ে যাবে।

শনিবার সমাজমাধ্যমে প্রভাকরণ জানিয়েছেন, ফিফার প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির পর্ব শেষ হয়েছে। ভারতে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে জট কেটে গিয়েছে। ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, দ্রুত সরকারি ঘোষণা হয়ে যাবে। নিজের পোস্টে প্রভাকরণ লিখেছেন, ‘‘ভারতের ফুটবল ভক্তদের জন্য বড় খবর। অপেক্ষার অবসান হল। আলোচনা শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে! কয়েক মাসের অনিশ্চয়তার পর ফুটবলপ্রেমীরা অবশেষে স্বস্তি পেতে পারেন। বিশ্বকাপ ভারতে সম্পূর্ণ উপভোগ করা যাবে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপের জন্য প্রস্তুত হোন!’’

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য ১০০ কোটি টাকা দাবি করে ফিফা। এত টাকা দিয়ে সম্প্রচারস্বত্ব কিনতে রাজি হয়নি সোনি এবং জিয়োস্টার। দু’টি সংস্থাই ফিফার সঙ্গে আগেই দরাদরি থেকে সরে এসেছে। ১০০ কোটি টাকার এক-তৃতীয়াংশ ডিজিটাল স্বত্বের জন্য চেয়েছিল ফিফা। জিয়োস্টার তারও এক চতুর্থাংশ টাকায় ডিজিটাল স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব খারিজ করে দেয় ফিফা। অন্য দিকে, দূরদর্শন ৫ কোটি টাকার বিনিময়ে শুধু নক আউট পর্বের ম্যাচগুলির সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব দিয়েছিল। পরে দূরদর্শন কর্তৃপক্ষও সরে গিয়েছে।

শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে লড়াইয়ে ঢুকেও এগিয়ে গিয়েছে জ়ি গোষ্ঠী। তারা সাতটি নতুন খেলার চ্যানেল আনতে চলেছে। নতুন কোনও একটি চ্যানেলেই দেখা যেতে পারে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। ফিফার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ছিলেন জ়ি এবং জিয়ো গোষ্ঠীর কর্তারা। শেষ মুহূর্তের দরাদরি চলছে। সব চূড়ান্ত হওয়ার পর সরকারি ভাবে ঘোষণা হবে ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারকারী চ্যানেলের নাম।

সব মিলিয়ে গত বেশ কয়েক মাস ধরে ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা চলছে। ফেডারেশনের প্রাক্তন সচিবের দাবি ঘিরে নতুন আশা তৈরি হয়েছে। তবে ফুটবলপ্রেমীদের আরও কিছু দিন অপেক্ষা করতেই হবে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।

FIFA World Cup 2026 TV broadcast fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy