Advertisement
E-Paper

ভারতীয় ফুটবলে বিতর্ক! ৪৩ বছর পর এশিয়ান কাপে নামার আগে দলকে পাঠানো হল ভুল জার্সি

ভারতীয় ফুটবলে বিতর্কের শেষ নেই। এ বার দেশের মহিলা ফুটবল দলকে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৯:২৯
football

ভারতের মহিলা ফুটবল দল। ছবি: এক্স।

৪৩ বছর পর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রতিযোগিতায় নামার আগে সমস্যায় তারা। বুধবার প্রথম ম্যাচ। অথচ তার ৪৮ ঘণ্টা আগে ফুটবলারদের কাছে ভুল জার্সি পাঠানোর অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) বিরুদ্ধে। সংস্থাকে চিঠিও লিখেছেন ফুটবলারেরা।

সাংবাদিক মার্কাস মারগুলহাও জানিয়েছেন, চিঠিতে ফুটবলারেরা লিখেছেন, “এই সময়ে ভুল জার্সি ফুটবলারদের মানসিক পরিস্থিতি ও মনঃসংযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হয়ে নামার ক্ষেত্রে আরও খানিকটা পেশাদারিত্ব দেখানো উচিত ছিল ফুটবল সংস্থার।”

জানা গিয়েছে, দলের ৮০ শতাংশ ফুটবলারের জার্সির মাপ মেলেনি। এই সময় আর নতুন সরঞ্জাম পাওয়া সম্ভব নয় জেনে স্থানীয় বাজার থেকে জার্সির বন্দোবন্ত করতে হয়েছে তাঁদের। তবে এই বিষয়ে এখনও ভারতীয় ফুটবল সংস্থা কোনও মন্তব্য করেনি।

এই প্রথম নয়, এর আগেও এআইএফএফ-কে নিশানা করেছেন মহিলা ফুটবলারেরা। ৪৩ বছর পর এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত। তাই ফুটবলারেরা আবেদন করেছিলেন, এই প্রতিযোগিতায় নামার আগে অন্তত ১০-১২টি আন্তর্জাতিক প্রীতিম্যাচ ও ঘরোয়া দলের সঙ্গে পাঁচ-সাতটি ম্যাচের আয়োজন করা হোক। তা হলে প্রস্তুতি ভাল হবে। ‘ইএসপিএন’ জানিয়েছে, এখনও পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলেছে তারা। একটি ইরান ও দু’টি নেপালের বিরুদ্ধে। তা-ও অক্টোবর মাসে। তিনটিই হেরেছে ভারত। অর্থাৎ, গত চার মাসে একটিও ম্যাচ না খেলে সরাসরি এশিয়ান কাপে নামছে ভারতের মহিলা দল।

৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ৭ মার্চ জাপান ও ১০ মার্চ চাইনিজ় তাইপেইয়ের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে ভারত। তার আগে জার্সি নিয়ে সমস্যায় ফুটবলারেরা।

AIFF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy