Advertisement
E-Paper

রোনাল্ডোর কন্যা মেসি-ভক্ত! বিশ্বকাপের মাঝে আর্জেন্টিনার জার্সি পরা মেয়ের ভিডিয়ো পোস্ট জর্জিনার

আরও এক বার আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি। রোনাল্ডোর কন্যাকে দেখা গিয়েছে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৪:২৮
football

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিশ্বফুটবলের সর্বকালের দুই সেরা তারকা। লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে দু’ভাগ হয়ে যায় ফুটবলদুনিয়া। নিজেদের শেষ বিশ্বকাপে নামতে চলেছেন দুই তারকা। মাঠে নামার আগেই আলোচনায় তাঁরা। রোনাল্ডোর কন্যাকে দেখা গিয়েছে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতে। তবে কি রোনাল্ডোর বাড়িতেই রয়েছে মেসির ভক্ত?

রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় তাঁদের এক কন্যার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েটি একটি ট্রাইসাইকেল চালিয়ে ঘুরছে। তার পরনে রয়েছে আর্জেন্টিনার জার্সি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। আলোচনা শুরু হয়েছে, এই ভিডিয়ো পোস্ট করে ঠিক কী বোঝাতে চেয়েছেন জর্জিনা।

মেসির ভক্তেরা তাঁর জনপ্রিয়তার কথা বলেছেন। রোনাল্ডোর ছোট্ট কন্যাও মেসির ভক্ত হয়ে উঠেছে। বাড়িতে এত বড় তারকা থাকার পরেও রোনাল্ডোর বদলে মেসির দেশের জার্সি পরে ঘুরছে সে। উল্টো ছবি কিন্তু দেখা যায় না। মেসির তিন সন্তান বাবার ভক্ত। এখানেই রোনাল্ডোর থেকে মেসি এগিয়ে বলে দাবি তাঁদের।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রোনাল্ডোর ভক্তেরা আবার অন্য কথা বলছেন। তাঁদের দাবি, রোনাল্ডোর কন্যার এখনও বয়স হয়নি কোনও ফুটবলারকে আলাদা করে সমর্থন করার। জর্জিনা হয়তো নিজেই আর্জেন্টিনার জার্সি তাকে পরিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ফুটবলে সকলে এক। সে যে দেশেরই হোক না কেন, সকলে খেলাটা উপভোগ করে। অর্থাৎ, এই ঘটনা নিয়েও দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন দুই তারকার ভক্তেরা।

মেসি ও রোনাল্ডো দু’জনেরই এটি শেষ বিশ্বকাপ। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন দু’জনে। গত বার মেসি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এ বার তাঁর সুযোগ, পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপে ১৩ গোল হয়েছে মেসির। আর চারটি গোল করলেই সকলকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন মেসি। ছন্দে দেখাচ্ছে তাঁকে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অন্যদিকে রোনাল্ডো এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি। এটাই তাঁর শেষ সুযোগ। বিশ্বকাপে আট গোল করেছেন রোনাল্ডো। সেই সংখ্যাও বাড়িয়ে নিতে চাইবেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে রোনাল্ডোর খেলা হতাশ করেছে। প্রতিযোগিতায় নামার আগে তাঁর ফর্ম চিন্তা বাড়িয়েছে পর্তুগালের।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Cristiano Ronaldo Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy