E-Paper

১২ বছরের যন্ত্রণা ভোলার পরীক্ষা আজ ইটালির

ইটালি চার বারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ গত দু’বারই (২০১৮, ২০২২) বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। এ বারও একটা সময় ২০২৬ বিশ্বকাপে ইটালির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। নরওয়ের বিরুদ্ধে হারের ধাক্কায় প্লে-অফ খেলতে হচ্ছে পাওলো মালদিনির দেশকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৭:২৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০১৪ সালের বিশ্বকাপের পর থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণাই সঙ্গী ইটালির। মঙ্গলবার রাতে প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হারজ়েগোভিনার বিরুদ্ধে জিতলে ১২ বছর পরে মূল পর্বে যোগ্যতা অর্জন করবে পাওলো রোসি, রবার্তো বাজ্জোর দেশ।

ইটালি চার বারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ গত দু’বারই (২০১৮, ২০২২) বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। এ বারও একটা সময় ২০২৬ বিশ্বকাপে ইটালির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। নরওয়ের বিরুদ্ধে হারের ধাক্কায় প্লে-অফ খেলতে হচ্ছে পাওলো মালদিনির দেশকে। তার উপরে রয়েছে অন্দরমহলের অশান্তি। প্রতিকূল পরিস্থিতিতেও প্লে-অফের সেমিফাইনালে সান্দ্রো তোনালি ও মোয়েস কিনের যুগলবন্দিতে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ জয়ের পরে ছবিটা অনেক বদলে গিয়েছে। ফাইনালে ওঠার রাতে কোচ জেন্নারো গাত্তুসো উচ্ছ্বাসে ভেসে না গিয়ে বলেছিলেন, ‘‘আরও একটি অত্যন্ত কঠিন ম্যাচ খেলতে হবে আমাদের। বসনিয়া ও হারজ়েগোভিনা অভিজ্ঞ দল। আমরা শুধু এক ধাপ এগিয়েছি। এখনও এভারেস্ট জয় বাকি রয়েছে।’’

ওয়েলসকে টাইব্রেকারে (৪-২) ছিটকে দিয়ে প্লে-অফের ফাইনালে ওঠা বসনিয়া ও হারজ়েগোভিনা ১৯৯৬ সালে দুর্ধর্ষ ইটালিকে ২-১ হারিয়ে চমকে দিয়েছিল। যদিও তার পরে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই তারা হেরেছিল। ড্র হয়েছিল একটি ম্যাচ। ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে দ্বাদশ স্থানে ইটালি। ৬৬ নম্বরে রয়েছে বসনিয়া ও হারজ়েগোভিনা। যদিও প্রতিপক্ষকে দুর্বল মনে করছেন না ইটালির কোচ। তাঁর কথায়, ‘‘ফাইনালে কঠিন লড়াই হবে। আমাদের মতো স্নায়ুচাপ এবং উত্তেজনাওদেরও রয়েছে।’’

বসনিয়া ও হারজ়েগোভিনার প্রবল ঠান্ডার চেয়েও প্লে-অফ ফাইনালের আগে গাত্তুসোর চিন্তার প্রধান কারণ প্রতিপক্ষের একাধিক ফুটবলারের ইটালিতে খেলার অভিজ্ঞতা। আটলান্টার হয়ে খেলেন সিয়াদ কোলাসিনাচ। সাসুউলোতে রয়েছেন তারিক মুহারেমোভিচ। এ ছাড়াও রোমা, ইন্টার মিলান এবং ফিয়োরেন্টিনায় খেলার অভিজ্ঞতা থাকা এডেন জ়েকোও রয়েছেন। তবে ইটালি শিবিরে স্বস্তির খবর, আলেসান্দ্রো বাস্তোনি, জানলুকা মানচিনি ওরিকার্দো কালাফিয়োরি চোটমুক্ত।

প্লে-অফ ফাইনালে ইটালির ক্লাবগুলিতে খেলা ফুটবলারেরাই যে তাঁর তুরুপের তাস গোপন করেননি বসনিয়া ও হারজ়েগোভিনার কোচ সের্গেই বারবারেজ়। তাঁর হুঙ্কার, ‘‘আমার দলে থাকা ইটালির লিগে খেলা ফুটবলারেরা এই ম্যাচের জন্য বিশেষভাবে উজ্জীবিত হয়ে রয়েছে।"

বিশ্বকাপের মূল পর্বে ওঠার হাতছানি রয়েছে তুরস্ক, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, পোল্যান্ড, কসোভো এবং সুইডেনের সামনেও। চেক প্রজাতন্ত্র খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। কসোভোর প্রতিপক্ষ তুরস্ক। সুইডেন খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ফাইনাল: বসনিয়া ও হারজ়েগোভিনা বনাম ইটালি (রাত ১২.১৫, সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার)।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Italy FIFA World Cup 2026 FIFA World Cup Qualifier

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy