Advertisement
E-Paper

মায়োর্কার কাছে অপ্রত্যাশিত হার রিয়ালের, পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা, লা লিগা জয়ের পথ কঠিন করে ফেললেন এমবাপেরা

লা লিগা জয়ের পর কঠিন করে ফেলল রিয়াল। শনিবারের পর ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্টে আটকে থাকলেন কিলিয়ান এমবাপেরা। অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট বার্সার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৩:২০
picture of football

হারের পর হতাশ কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

লা লিগার ম্যাচে লজ্জার হার রিয়াল মাদ্রিদের। পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থাকা মায়োর্কার কাছে ১-২ ব্যবধানে হারলেন কিলিয়ান এমবাপেরা। অন্য দিকে, অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাল বার্সেলোনা।

লা লিগা জয়ের পর কঠিন করে ফেলল রিয়াল। ৭ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। মায়োর্কার সন ময়েক্স স্টেডিয়ামে ২০১৯ এবং ২০২৩ সালেও হেরেছিল রিয়াল। আবার হারতে হবে, তা সম্ভবত ভাবতে পারেননি খেতাবের দৌড়ে থাকা রিয়াল কোচ। প্রথম একাদশে তিনি রাখেননি ভিনিসিয়াস জুনিয়র এবং জ়ুড বেলিংহ্যামকে। দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে বসিয়ে রাখায় প্রথমার্ধে রিয়ালকে চেনা ছন্দে দেখা যায়নি। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি মায়োর্কা। ৪২ মিনিটে মানু মোরালেনাসের গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর্যন্ত সমতা ফেরাতে না পেরে ভিনিসিয়াস এবং বেলিংহ্যামকে নামাতে বাধ্য হন রিয়াল কোচ অ্যালভারো আর্বেলোয়া। তার পরে সমতা ফেরাতে বেশ বেগ পেতে হয় রিয়ালকে। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে এদের মিলিতায়োর গোলে সমতায় ফেরে আর্বেলোয়ার দল। যদিও এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের শুরুতেই মায়োর্কার হয়ে দ্বিতীয় গোল করেন ভেদাত মুরিকি। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেননি রিয়ালের ফুটবলারেরা। ৩০ ম্যাচে ৬৯ পয়েন্টেই আটকে থাকলেন এমবাপেরা।

Advertisement

অন্য দিকে, পিছিয়ে পড়েও অ্যাতলেটিকোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। ৩৯ মিনিটে গিলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। দ্রুত সমতা ফেরায় বার্সা। ৪২ মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাড়তি সুবিধা পেয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামালকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাতলেটিকোর নিকোলাস গঞ্জালেজ়।

প্রতিপক্ষকে ১০ জনে পেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ান রবার্ট লেয়নডস্কিরা। যদিও এই অর্ধের শুরুতে সমস্যায় পড়ে বার্সেলোনাও। লাল কার্ড দেখেন তাদের ডিফেন্ডার জেরার্ড মার্টিন। তবে ভিআর দেখে তাঁর লাল কার্ড বাতিল করে দেন রেফারি। তা-ও জয়ের গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ম্যাচের শেষ পর্যন্ত। ৮৭ মিনিটে অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর গায়ে লেগে ফিরে আসা বল গোলে পাঠাতে ভুল করেননি লেয়নডস্কি। এ বারের লা লিগায় ১২টি গোল হয়ে গেল পোলিশ তারকার। এই জয়ের পর ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট হল বার্সার।

La Liga Real Madrid Barcelona FC Kylian Mbappe Robert Lewandowski
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy