Advertisement
E-Paper

পরের বারও কি ফুটবল বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো? এ বারের প্রতিযোগিতা শুরুর আগেই জানিয়ে দিলেন পর্তুগাল কোচ

এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরের বারও কি তাঁকে দেখা যাবে? মুখ খুললেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৬:৫৮
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

সাত দিন পরেই শুরু ফুটবল বিশ্বকাপ। নামবেন বিশ্বফুটবলের সেরা দুই তারকা লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’জনেরই এটি ষষ্ঠ বিশ্বকাপ। মেসির যে এটিই শেষ বিশ্বকাপ তা নিশ্চিত। রোনাল্ডোরও কি তাই? নাকি পরের বারও দেখা যাবে তাঁকে? এই প্রশ্নে মুখ খুললেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়।

বিশ্বকাপ শুরুর আগে একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল মার্তিনেজ়কে। জবাবে তিনি বলেন, “ও নিশ্চয় নামার চেষ্টা করবে। এতে কোনও সন্দেহ নেই। ওর এই যোগ্যতা আছে। আমরা এই বিষয়ে কোনও আলোচনা করি না। এটা পুরোটাই ওর সিদ্ধান্ত। ও যা চাইবে সেটাই হবে। পর্তুগালে যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে তাদের প্রত্যেকের কাছে ও আদর্শ।”

এখন ৪১ বছর বয়স রোনাল্ডোর। ২০৩০ সালের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪৫। আগামী বার পর্তুগাল, স্পেন ও মরক্কোতে হবে প্রতিযোগিতা। বয়স বাড়লেও রোনাল্ডোর গোলের খিদে যে একটুও কমেনি তা স্পষ্ট করে দিয়েছেন মার্তিনেজ়। তিনি বলেন,“আমি বিশ্বাস করি, শুধু ট্রফি জেতার জন্য রোনাল্ডো নামে না। আসল হল ওর খেলার খিদে। গোল করার খিদে। দলকে জেতানোর খিদে। প্রতিদিন সেই খিদে বেড়ে চলেছে। আমি অনেক বড় ফুটবলারকে দেখেছি। তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ বা বালোঁ দ্যর জিতেছে। কিন্তু তারা কেউ রোনাল্ডোর মতো নয়।”

এ বারের বিশ্বকাপে ‘কে’ গ্রুপে রয়েছে পর্তুগাল। বাকি তিন দল উজবেকিস্তান, কলম্বিয়া ও কঙ্গো। ১৭ জুন কঙ্গো, ২৩ জুন উজবেকিস্তান ও ২৮ জুন কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে পর্তুগাল। সহজ গ্রুপে পড়ায় নক আউটে উঠতে রোনাল্ডোদের তেমন কষ্ট হওয়ার কথা নয়।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপে আটটি গোল রয়েছে রোনাল্ডোর। কিন্তু নক আউটে একটিও গোল করতে পারেননি তিনি। এ বার তিনি সেটা করতে চাইবেন। পাশাপাশি ২০০৬ সালের পর একমাত্র ২০২২ সালে নক আউটে একটি ম্যাচ জিতেছে পর্তুগাল। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে নক আউটের প্রথম ম্যাচেই বিদায় নিয়েছে তারা। এ বার সাফল্য চান রোনাল্ডো। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছেন তিনি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
Cristiano Ronaldo Portugal Football Roberto Martínez
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy