লা লিগার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে ওসাসুনার কাছে হেরেছিল তারা। এ বার ঘরের মাঠে হারতে হয়েছে গেটাফের কাছে। জোড়া হারের ফলে পিছিয়ে পড়েছেন কিলিয়ান এমবাপেরা।
সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের কাছে ০-১ গোলে হারে রিয়াল। ম্যাচের একমাত্র গোল করেন মার্টিন সাতরিয়ানো। ৩৯ মিনিটে সেই গোল খাওয়ার পরও এক ঘণ্টার বেশি সময় ছিল রিয়ালের হাতে। গোটা স্টেডিয়াম তাদের হয়ে গলা ফাটাচ্ছিল। তার পরেও গোল করতে পারেনি রিয়াল। গেটাফের গোল লক্ষ্য করে ১৮টি শট মারে রিয়াল। সাতটি শট গোলেও ছিল। তার পরেও গেটাফের গোলরক্ষককে পরাস্ত করা যায়নি।
হাঁটুর চোট সারাতে ফ্রান্সে রয়েছেন এমবাপে। ফলে তাঁকে পাচ্ছে না রিয়াল। পরিবর্তে শুরু থেকে নেমেছিলেন গনসালো গার্সিয়া। সঙ্গে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু তাঁরা গোল করতে পারেননি। ম্যাচের সংযুক্তি সময়ে রিয়ালের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও গেটাফের আদ্রিয়ান লিসো লাল কার্ড দেখেন। তাতেও খেলার ফল বদলায়নি।
আরও পড়ুন:
মরসুমের মাঝপথে কোচ বদলেছে রিয়াল। নতুন কোচ আলভারো আর্বিয়োলা খেলা শেষে বলেন, “হ্যাঁ, অবশ্যই আমরা আরও ভাল খেলতে পারতাম। কিন্তু আমার দলের ছেলেরা পরিশ্রম করেছে। ওরা সুযোগ তৈরি করেছে। কিন্তু আমরা গোল করতে পারিনি। ফুটবলে তো গোলটাই আসল। ওরা সেটা করেছে। তাই জিতেছে।”
এই ম্যাচের পর লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৬ ম্যাচে ৬৪। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫১। অর্থাৎ, ট্রফির লড়াই রিয়াল ও বার্সার। এখনও ১২ ম্যাচ বাকি। ফলে এখনও পরিস্থিতি বদলানোর সুযোগ রয়েছে রিয়ালের সামনে।